ইয়োশিহিকো নোদা জাপানের নতুন প্রধানমন্ত্রী
জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ইয়োশিহিকো নোদা। আজ মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি জয়লাভ করেন। গতকাল সোমবার ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) এমপিরা তাঁকে দলের প্রধান নির্বাচিত করেন। বিবিসির খবরে বলা হয়, ইয়োশিহিকো নোদা বর্তমান প্রধানমন্ত্রী নাওতো কানের স্থলাভিষিক্ত হবেন। নওতো কান গত শুক্রবার দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। গত মার্চের প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামি এবং এর ফলে সৃষ্ট পারমাণবিক সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে তুমুল সমালোচনার পরিপ্রেক্ষিতে ক্ষমতা থেকে সরে দাঁড়ান নাওতো কান। তিনি মাত্র ১৫ মাস ক্ষমতায় ছিলেন। এ সময় তাঁর জনপ্রিয়তার হার ৬৫ থেকে ১৫ শতাংশে নেমে যায়।জাপানের নতুন প্রধানমন্ত্রীর সামনে এখন অনেক দায়িত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সবচেয়ে বড় পুনর্গঠনের কাজ তাঁকে করতে হবে। কারণ ভূমিকম্প ও সুনামি দেশের একাংশের অবকাঠামো দুমড়েমুচড়ে দিয়ে গেছে। এর ওপর ওই দুর্যোগের পর নতুন দুর্যোগ হিসেবে আবির্ভূত হওয়া পারমাণবিক সংকট নিয়ে দেশে যে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে তার একটি গ্রহণযোগ্য সমাধান তাঁকে করতে হবে। এ ছাড়া দলের অভ্যন্তরীণ কোন্দল মীমাংসা করাও হবে তাঁর জন্য একটি বড় চ্যালেঞ্জ।রক্ষণশীল অর্থনীতির সমর্থক ৫৪ বছর বয়সী নোদা চান দেশের বন্ধ হয়ে যাওয়া পারমাণবিক চুল্লিগুলো নতুন করে চালু করতে। বিদায়ী প্রধানমন্ত্রী কান যে পরমাণুমুক্ত জাপান গড়ার আহ্বান জানিয়েছিলেন, নোদা তা সমর্থন করেন না।