জাপানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে)-এর নতুন প্রধান নির্বাচিত হয়েছেন অর্থমন্ত্রী ইয়োশিহিকো নোদা। গতকাল সোমবার দলীয় এমপিরা তাঁকে দলের প্রধান নির্বাচিত করেন। আজ মঙ্গলবার তাঁকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পার্লামেন্টে ভোটাভুটি হবে। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।ইয়োশিহিকো নোদা বর্তমান প্রধানমন্ত্রী নাওতো কানের স্থলাভিষিক্ত হচ্ছেন। নাওতো কান গত শুক্রবার দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। গত মার্চের প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামি এবং এর ফলে সৃষ্ট পারমাণবিক সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে তুমুল সমালোচনার পরিপ্রেক্ষিতে ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন নাওতো কান। তিনি মাত্র ১৫ মাস ক্ষমতায় ছিলেন। এ সময় তাঁর জনপ্রিয়তার হার ৬৫ থেকে ১৫ শতাংশে নেমে যায়।গতকাল ২১৫ ভোট পেয়ে দলীয় প্রধান নির্বাচিত হন ইয়োশিহিকো নোদা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বাণিজ্যমন্ত্রী বানরি কাইয়েদা পান ১৭৭ ভোট। তবে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছেইজি মায়িহারা প্রথম দফার ভোটেই বাদ পড়ে যান। এ জন্য দ্বিতীয় দফার ভোটে মায়িহারার সমর্থকেরা নোদার পক্ষে ভোট দেন।বাণিজ্যমন্ত্রী কাইয়েদার পক্ষে ছিলেন দলের অন্যতম বড় একটি পক্ষের নেতা ইসিরো ওজাওয়া। এর পরও তিনি হেরে যান। আজ নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা। ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে ইয়োশিহিকো নোদাই যে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, এটা মোটামুটি নিশ্চিত। জাপানের নতুন প্রধানমন্ত্রীর সামনে এখন অনেক দায়িত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সবচেয়ে বড় পুনর্গঠনের কাজ তাঁকে করতে হবে। কারণ ভূমিকম্প ও সুনামি দেশের একাংশের অবকাঠামো দুমড়েমুচড়ে দিয়ে গেছে। এর ওপর ওই দুর্যোগের পর নতুন দুর্যোগ হিসেবে আবির্ভূত হওয়া পারমাণবিক সংকট নিয়ে দেশে যে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে তার একটি গ্রহণযোগ্য সমাধান তাঁকে করতে হবে। এ ছাড়া দলের অভ্যন্তরীণ কোন্দল মীমাংসা করাও হবে তাঁর জন্য একটি বড় চ্যালেঞ্জ।রক্ষণশীল অর্থনীতির সমর্থক ৫৪ বছর বয়সী নোদা চান দেশের বন্ধ হয়ে যাওয়া পারমাণবিক চুল্লিগুলো নতুন করে চালু করতে। বিদায়ী প্রধানমন্ত্রী কান যে পরমাণুমুক্ত জাপান গড়ার আহ্বান জানিয়েছিলেন, নোদা তা সমর্থন করেন না।গতকাল দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পর নোদা জানিয়েছেন, দেশ পুনর্গঠনের কাজে তিনি নতুন লোকজনকে দায়িত্ব দেবেন। তিনি বলেন, ‘চলুন, দেশের জনগণের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করি। এটাই আমার ঐকান্তিক ইচ্ছা।’২০০৮ সালের সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হয় ডিপিজে। এর মাধ্যমে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রায় অর্ধশত বছরের শাসনের অবসান হয়।