ঈগলু কোম্পানির ক্যাশিয়ারকে গুলি করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈগলু আইসক্রিম কোম্পানির ক্যাশিয়ার আবু কাউসারকে (৩২) গতকাল সোমবার রাতে গুলি করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। রাত ১০টার দিকে বাণিজ্য মেলায় ঈগলুর স্টল থেকে সারা দিনের পণ্য বিক্রির টাকা নিয়ে ফেরার পথে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। আবু কাউসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।আহত ব্যক্তি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাতে অফিসের গাড়িতে করে কাউসার বাণিজ্য মেলা থেকে দেড় লাখ টাকা নিয়ে তেজগাঁওয়ে ঈগলুর অফিসের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গাড়ির চালক কাইয়ুম ও স্টল কর্মচারী সাইফুল। তাঁদের গাড়িটি সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এলে একটি প্রাইভেটকার এর গতি রোধ করে। প্রাইভেটকারে থাকা ছয়-সাতজন যুবক প্রথমে কাউসারকে গাড়ির দরজা খুলতে বলে। কেউ দরজা না খোলায় দুর্বৃত্তরা গাড়ির কাচ ভেঙে কাউসারের বুকের বাম দিকে গুলি করে এবং গাড়ির চালক ও কর্মচারীকে পেটায়। এরপর তারা কাউসারের সঙ্গে থাকা দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।