ঈদ-আনন্দে মেতেছে চট্টগ্রামবাসী
ঈদ-আনন্দে মেতেছে চট্টগ্রাম নগরবাসী। আজ শনিবার সকাল থেকে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহার আনুষ্ঠানিকতা।ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয় নগরের জমিউতুল ফালাহ প্রধান ঈদগাহ প্রাঙ্গণে। সেখানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম, সাংসদ নূরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মীর মো. নছিরউদ্দিন চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন, নগর জাতীয় পার্টির আহ্বায়ক সোলায়মান আলম শেঠ, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ নামাজ আদায় করেন।জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে ঈদের আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয় নগরের আউটার স্টেডিয়ামে।চট্টগ্রাম মহানগরে এবার সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২৩৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।নামাজ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সাংবাদিকদের বলেন, ত্যাগের মহিমায় সুখী ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। তা হলে বাংলাদেশ একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান বলেন, এ জাতি একাত্তর সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই যুদ্ধের চেতনায় রাজনীতির ভেদাভেদ ভুলে আত্মশুদ্ধির মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করাই হোক এবারের ঈদুল আজহার অঙ্গীকার।