বাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ থেকে ৩০ টাকা কেজি। অথচ এই পেঁয়াজ ১৭ টাকা ৬৫ পয়সার বেশি হওয়ার কথা নয়।শুধু পেঁয়াজ নয়, আমদানি করা প্রায় সব ধরনের মসলা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। তথ্য-উপাত্তসংবলিত বাণিজ্য মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি গত সোমবার দেশের সব বিভাগীয় কমিশনারের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।ঈদুল আজহা ও দুর্গাপূজা সামনে রেখে আমদানিনির্ভর কয়েকটি মসলার খুচরা পর্যায়ে যৌক্তিক দামের এই তালিকা তৈরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও ট্যারিফ কমিশনের তথ্য নিয়ে এ হিসাব তৈরি করে মন্ত্রণালয়।চিঠিতে বলা হয়েছে, প্রধান দুটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন বাজার অস্থিতিশীল করতে না পারে, সে জন্য এ তালিকা তৈরি করা হয়েছে। যেসব খুচরা ব্যবসায়ী অযৌক্তিকভাবে মসলার দাম রাখবেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এক টন পেঁয়াজের আমদানিমূল্য ১৪৯ ডলার। এর সঙ্গে ৫ শতাংশ শুল্ক, পরিবহন ও অন্যান্য খরচ ১০ শতাংশ, আমদানিকারকের ২ শতাংশ মুনাফা, পাইকারি ব্যবসায়ীর মুনাফা ও পরিবহন খরচ এবং সবশেষে খুচরা ব্যবসায়ীর মুনাফা ও পরিবহন ব্যয় ১৫ শতাংশ ধরার পর মোট খরচ হওয়ার কথা ১৭ হাজার ৬৪৬ টাকা ৮০ পয়সা। তাতে এক কেজি পেঁয়াজের দাম হয় ১৭ টাকা ৬৫ পয়সা।বাণিজ্য মন্ত্রণালয় বলছে, প্রতি কেজি আমদানি করা চীনা রসুনের দাম হওয়া উচিত ৮০ টাকা ৯৩ পয়সা। তবে বাজারে এই রসুন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি। এক কেজি হলুদের বাজারদর এখন ১২০ থেকে ১৪০ টাকা। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুুযায়ী, এক কেজি হলুদের দাম হওয়া উচিত ৭৮ টাকা ৯৪ টাকা।বাজারে এখন তিন ধরনের জিরা পাওয়া যাচ্ছে। ভালো মানের জিরা ৫৫০, মাঝারি মানের জিরা ৫০০ ও কিছুটা নিম্নমানের জিরার কেজি ৪০০ টাকা। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মুনাফাসহ এক কেজি জিরার দাম হওয়ার কথা ২৭৭ টাকা ৬৭ পয়সা।এলাচিও বিক্রি হচ্ছে তিন ধরনের। ভালো মানের এলাচি দুই হাজার ২০০, মাঝারি মানের এলাচি দুই হাজার এবং নিম্নমানের এলাচি এক হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। মন্ত্রণালয় বলছে, এলাচির কেজি হওয়া উচিত এক হাজার ৪২৩ টাকা।বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, দারুচিনি যে দামে বিক্রি হওয়ার কথা, বাজারে বিক্রি হচ্ছে তার প্রায় দ্বিগুণ দামে। বাজারে এক কেজি দারুচিনির দাম ৩০০ থেকে ৩৫০ টাকা। মন্ত্রণালয়ের হিসাবে, দাম হওয়া উচিত ১৭০ টাকা। তবে আদার বাজারদরের সঙ্গে হিসাবের কিছুটা সামঞ্জস্য রয়েছে। বাজারে এখন এক কেজি আমদানি করা আদা বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকা। মন্ত্রণালয় বলছে, হলুদের দামও হওয়া উচিত ৫০ টাকা।আর মন্ত্রণালয়ের হিসাবের চেয়ে কম দামে বাজারে শুকনো মরিচ বিক্রি হচ্ছে। শুকনো মরিচের কেজি এখন ১৭০ থেকে ১৮০ টাকা। মন্ত্রণালয়ের হিসাবে এর দাম হওয়া উচিত ১৯৩ টাকা।ঈদ ও পূজা সামনে রেখে মসলা ব্যবসায়ীদের সঙ্গে গত রোববার জরুরি বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা ঈদ ও পূজায় মসলার দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ তালিকা তৈরি করে তা তদারকির জন্য বিভাগীয় কমিশনারদের কাছে পাঠিয়ে দিয়েছে। জানতে চাইলে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির মহাসচিব আতিকুল হক প্রথম আলোকে বলেন, ঈদে গরম মসলার যে চাহিদা তার চেয়ে বেশি বাজারে মজুদ আছে। সরবরাহ ভালো, ঈদের আগে আর দাম বাড়বে না। গত বছরের চেয়ে এবার মসলার দাম কম বলে দাবি তাঁর।দেশি মসলারও দাম বেশি: বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব শুধু আমদানি করা মসলা নিয়ে। দেশি মসলার দামও কয়েক দিনে বেড়েছে। ১৫ দিন আগেও দেশি পেঁয়াজ বিক্রি হতো ৩০ টাকা কেজি। এখন তা বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৭ টাকা কেজি।অবশ্য দেশি রসুনের দাম কিছুটা কমেছে। কয়েক দিন আগেও রসুন ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। আমদানি করা শুকনো মরিচের মতো দেশি মরিচের দামও চড়া, ১৩০ থেকে ১৪০ টাকা কেজি। দেশি হলুদের কেজি ১০০ থেকে ১১০ টাকা। আমদানি করা চীনা আদা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি।এদিকে চট্টগ্রাম থেকে আমাদের প্রতিনিধি মাসুদ মিলাদ জানান, বিশ্ববাজারে দাম কমায় দেশেও ভোজ্যতেলের দাম কমছে। রোজার ঈদের পর থেকে গতকাল বুধবার পর্যন্ত পাইকারি বাজারে প্রতি কেজিতে সয়াবিনের দাম কমেছে আট টাকা। সবচেয়ে বেশি কমেছে পামতেলের দাম। অর্থাৎ প্রতি কেজিতে পামতেলের দাম কমেছে প্রায় ১৭ টাকা। তবে পাইকারি বাজারে দাম কমলেও বরাবরের মতো খুচরায় দাম খুব বেশি কমেনি। খুচরায় খোলা সয়াবিন তেলের দাম লিটারে কমেছে চার টাকা। বোতলজাত কোম্পানিগুলো লিটারে দুই টাকা কমিয়েছে। খুচরায় দাম না কমার কারণ হিসেবে বাজারে তদারকির অভাব দায়ী বলে মনে করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টম হাউসের হিসাবে দেখা যায়, গত তিন মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে বিপুল পরিমাণ পাম ও সয়াবিনতেল আমদানি হয়। সাধারণত প্রতি মাসে গড়ে এক লাখ টন করে পামতেল ও সয়াবিনের চাহিদা রয়েছে। গত তিন মাসে প্রায় ৮৫ হাজার টন অপরিশোধিত সয়াবিন, ২১ হাজার টন অপরিশোধিত পামতেল ও দুই লাখ ৩৬ হাজার ৪২২ টন পরিশোধিত পামতেল আমদানি হয়। এই তেলের আমদানিমূল্য তিন হাজার ৩৮ কোটি টাকা।