ঈদ উপলক্ষে অতিরিক্ত রেল ও বাস চলাচলের সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন রুটে অতিরিক্ত ষোলটি রেল ও ২০০ বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও সহজ ভ্রমণের কথা চিন্তা করে আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বলা হয়, অতিরিক্ত ১৬টি রেলে প্রায় সাড়ে নয় হাজারের মতো যাত্রীর সংকুলান হবে। এ ছাড়া নির্ধারিত প্রতিটি রেলের সঙ্গে তিন থেকে পাঁচটি অতিরিক্ত বগি সংযুক্ত করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১১ নভেম্বর থেকে যাত্রীরা আগাম টিকিট কিনতে পারবেন। তা ছাড়া তাঁরা মুঠোফোনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। আর টিকিট কেনা-বেচার সার্বিক দিক যাচাই করবেন ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক ও রেলওয়ে কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —ইউএনবি