ঈদ উপলক্ষে বাগেরহাট ও চট্টগ্রাম কারাগারের ২২ বন্দী মুক্ত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাট জেলা কারাগার থেকে নয়জন বন্দীকে আজ শুক্রবার দুপুরে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকেও আজ দুপুরে ১৩ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে তাঁরা মুক্তি পেয়েছে বলে জানা গেছে। মুক্তি প্রাপ্তদের মধ্যে ১১ জন পুরুষ ও ২ জন মহিলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশের বিভিন্ন কারাগার থেকে ২৫০ জন বন্দীর মুক্তি প্রদান কার্যক্রমের অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়।বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তিপ্রাপ্তরা হচ্ছেন—শাহাদাৎ হাওলাদার (৪৪), হারুন শেখ (৫০), মোসলেম উদ্দিন সিদ্দিক (৬০), মো. নূরুজ্জামান (৩৪), বাবুল ফারাজী (২১), রণজিৎ শিকদার (৬৩), মনিরুজ্জামান শেখ (২৭), চন্দন দাস (৩৫) ও মিজানুর রহমান (৩৬)।বাগেরহাট কারাগারের জেলার দেব দুলাল কর্মকার জানান, মুক্তিপ্রাপ্তরা মাদক, মারামারি, চুরি ও বন মামলায় এক থেকে দুই বছরের সাজা ভোগ করছিলেন। এঁদের অধিকাংশই অর্ধেকের বেশি সাজা ভোগ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পেয়ে আজ দুপুরে এঁদের মুক্তি দেওয়া হয়েছে।এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের জানান, চুরি, মাদক বিক্রিসহ বিভিন্ন লঘু অপরাধে সাজা প্রাপ্তদের মধ্য থেকে বাছাই করে ১৩ জনকে মুক্তি দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কায়কোবাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে ১৩ জনকে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে। মুক্তি প্রাপ্তরা হলেন ওমর আলী (৬০), আবু বকর (৩৮), আইয়ুব আলী(২৫),কাজল সর্দার (৪০), মন্টু মিয়া (৪৫), আবদুল অদুদ (৬০),আবদুস শুক্কুর (২৬), নুরুল আমিন(৩০), সাইফুল ইসলাম (২২), সিরাজুল ইসলাম (৪৫), বাদশা মিয়া (২৭), নাছিমা আকতার (২৫) ও আছিয়া খাতুন (৫০)।