ঈদ কেটেছে চোখের জলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সবার জন্যই আনন্দের। মিরসরাইয়ের গ্রামে গ্রামেও ছিল আনন্দ। আনন্দ ছিল না শুধু উপজেলার মায়ানী ও মঘাদিয়া ইউনিয়নের ছয় গ্রামের অনেকগুলো পরিবারে। এই পরিবারগুলোর ছোট্ট ছেলেটির কবর জিয়ারত করতে হয়েছে ঈদের দিন। আবুতোরাব সড়কে দুর্ঘটনায় ছাত্রদের নিহত হওয়ার ৫০ দিন পর স্বজনদের মনে আবার শোক জেগে উঠল। যেখানে ঈদের আনন্দে থাকার কথা, সেখানে বিরাজ করছে প্রিয়জন হারানোর শূন্যতা, হাহাকার। অন্য এলাকায় যখন সবাই পরিবার-পরিজন নিয়ে আনন্দ করছে, তখন স্বজন হারানো পরিবারগুলো স্মৃতি হাতড়ে বেড়াচ্ছে। মনে করতে চেষ্টা করছে, গত ঈদে এই দিনে তার প্রিয় সন্তান কী আবদার করেছিল। সেই আবদারের কতটুকু তারা মেটাতে পেরেছিল?বড়তাকিয়া থেকে আবুতোরাব সড়ক ধরে আবুতোরাব বাজারের দিকে যেতে যেতে দেখা যায়, দুর্ঘটনার স্থলে (সৈদালী এলাকায়) সড়কের দুই পাশে এখনো কালো পতাকা দেখা যাচ্ছে। আর শোক ব্যানারে ছেয়ে আছে দুর্ঘটনার স্থানটি। সড়কের পাশে নিহত ছাত্রদের বাড়ির সামনে ঝুলছে কালো পতাকা। এখনো ক্ষতচিহ্ন রয়ে গেছে। দুর্ঘটনার সেই ডোবার পানি অনেকটা শুকিয়ে গেলেও স্বজন হারানো মানুষের চোখের পানি এখনো শুকায়নি। কারণ, দুর্ঘটনার স্থল অতিক্রম করার সময় সবাই এখনো থমকে দাঁড়ায়। সবাই এখনো ভাবে, কী করে এতগুলো তাজা প্রাণ এই ডোবায় হারিয়ে গেল।পূর্ব মায়ানী গ্রামের নিহত সাখাওয়াত হোসেনের বাড়িতে ঢুকতেই দেখা গেল কালো পতাকা। সে আবুতোরাব উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ত। সাখাওয়াতদের বাড়িতে গেলে তার চাচা আজাদ হোসেন ঘরে নিয়ে যান। ভেতরে সংবাদ পাঠাতেই আসেন সাখাওয়াতের মা ফিরোজা বেগম। বাবা আনোয়ার হোসেন প্রবাসী। ঈদের কথা বলতেই কেঁদে ওঠেন ফিরোজা বেগম। মায়ের সঙ্গে কাঁদতে থাকে ছোট ভাই সোহরাব হোসেনও। সোহরাব জানায়, গতবার ঈদগাহে গিয়েছিল বড় ভাই সাখাওয়াতের সঙ্গে। এবার বড় ভাই নেই, তাই দাদা (পিতামহ) আবদুল হাদিসের সঙ্গে ঈদের নামাজ পড়তে গেছে। সোহরাব আর কথা বলতে পারে না। তার গলা ধরে আসে। পাশে বসা মা-ও এ সময় কেঁদে ওঠেন।সাখাওয়াতের চাচা আজাদ হোসেন জানান, ঈদের দিন এই বাড়িতে শুধু কান্নার রোল ছিল। আশপাশের অনেকে দেখতে আসায় স্বজনহারা মানুষের শোক যেন আরও বেড়ে গিয়েছিল। তিনি বলেন, ঈদের জামাতের পর সাখাওয়াতের সহপাঠীরা এসেছিল তার মায়ের সঙ্গে দেখা করতে। তাদের দেখে মায়ের পুত্রশোক আরও বেড়ে যায়।সড়ক দুর্ঘটনায় নিহত আল মোবারকের বাড়ি ও তার মা মনোয়ারা বেগমকে খুঁজে পেতে বেশি দেরি হলো না। মঘাদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে গিয়ে জিজ্ঞেস করতেই একাধিক ব্যক্তি আল মোবারকদের বাড়ি দেখিয়ে দিল। আল মোবারক আবুতোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।মোবারকের মা মনোয়ারা বেগম বলতে থাকেন, ’৮৮ সালে তাঁর বিয়ে হয়। দীর্ঘ ১০ বছর পর ’৯৮ সালে আল মোবারক জন্ম নেয়। ‘এত কষ্টের বুকের ধন চলে গেল। কী নিয়ে বাঁচব আমি?’ এ কথা বলে কাঁদতে থাকেন তিনি। ছেলের ছবি হাতে নিলে কান্না আরও বেড়ে যায়। ঈদের অনেক আগে মোবারক মাকে বলে রেখেছিল, তাকে ঈদের সময় ২৫০ টাকা দিতে হবে। কেন এত টাকা—মায়ের প্রশ্নের উত্তরে মোবারক বলেছিল, কম দামে খেলনা কিনে এনে ঈদগাহর পাশে বসা মেলায় বেশি দামে বিক্রি করবে। ঈদ গেল, মোবারক তো টাকা চাইল না—এ কথা বলে মায়ের কান্না শুরু হয়। এই কান্না আর থামে না। এ সময় মায়ের পাশে এসে বসে মোবারকের ছোট ভাই আল নোমান। সে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে মায়ের দিকে।একই গ্রামে (কচুয়া) আরও একজন মারা গেছে, তার নাম আমিন শরীফ। সে-ও পড়ত একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় এখন তাদের বাড়িঘর সবাই চেনে। তাদের বাড়িতে গিয়ে বুঝতে পারি, এ বাড়িতেও ঈদের কোনো খুশি ছিল না। সবাই শুধু আমিন শরীফের কথা ভাবছে। আমিন শরীফের চাচাতো ভাই সাফায়াত হোসেন বলেন, একমাত্র ছেলেকে হারিয়ে তাঁর চাচি হোসনে আরা সব সময় কাঁদছেন।রাস্তা থেকে আমিন শরীফদের ঘরে নিয়ে যান সাফায়াত। ঘরে ঢুকেই দেখা যায়, দ্বিতীয় সাময়িক পরীক্ষার রুটিন ওই ঘরে ঝুলছে। আমিন শরীফের একমাত্র বোন নাসরিন আক্তার জানালেন, পরীক্ষার অনেক আগে রুটিন লিখে রাখত তার ভাই।আমিন শরীফের মা হোসনে আরা বলেন, এবার তো ঈদ হয়েছে কেঁদে কেঁদে। কারণ, আশপাশের ছোট ছেলেদের দেখলে ছেলের কথা মনে পড়ে। বিশেষ করে, আমিন শরীফের সঙ্গে যারা ছিল, তাদের দেখলেই বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ঘরে কারও জন্যই নতুন জামাকাপড় কেনা হয়নি। তিনি বলেন, ‘মনে হয় জীবনে আর কখনো ঈদের আনন্দ করা হবে না। কারণ, একমাত্র ছেলে নেই। কাকে নিয়ে হবে আনন্দ, কাকে নিয়ে হবে উৎসব?’ এ কথা বলেই কাঁদতে থাকেন হোসনে আরা।নিহত স্কুলছাত্র এমরান হোসেন ওরফে ইমনের বাড়িতে গিয়ে দেখা গেছে, ঈদে ইমনের পরিবারে কোনো আনন্দ নেই। ইমনের বাবা আবুল কাশেম ঈদের নামাজ শেষে সন্তানের কবর জিয়ারত করে বাড়ি ফিরেছেন। আদরের ভাইকে হারানোর শোকে অসুস্থ হয়ে পড়া ইমনের বড় বোন জান্নাতুল ফেরদৌস এখনো সুস্থ হয়ে ওঠেনি। আবুল কাশেম বলেন, ‘তাদের জন্য ঈদ আসেনি। পরিবারের কেউ এবার কেনাকাটাও করেনি। গত বছর ঈদে নতুন জামা, প্যান্ট, জুতার জন্য বায়না ধরেছিল ইমন। সে তার পছন্দমতো কিনবে। এবার ইমন নেই বলে আমাদের ঈদের আনন্দও নেই।’আবুতোরাব দাখিল মাদ্রাসার নিহত ছাত্র সাখাওয়াত হোসেনের বাড়িতেও দেখা গেছে একই চিত্র। একমাত্র সন্তানকে হারিয়ে এখনো শোকে কাতর সাখাওয়াতের মা ফিরোজা বেগম। রমজান পালন করলেও ঈদের ছোঁয়া নেই পরিবারে। ফিরোজা বেগম বলেন, ‘আমার সাখাওয়াত নেই। সাখাওয়াত আর কোনো দিন ঈদে নতুন কাপড় কিনতে আসবে না। আমিও কোনো দিন ঈদে নতুন কাপড় কিনব না।’প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজের নিহত ছাত্র ইফতেখারের বোন তাবাসসুম বলেন, ‘প্রতিবছর ঈদ এলে ইফতেখার কেনাকাটায় ব্যস্ত হয়ে যেত। আমাকে বিভিন্ন উপহার দিত। কিন্তু ইফতেখার আজ নেই। তাই আমাদের পরিবারে ঈদ কেটেছে শুধু চোখের জলে।’আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল রাজীব হোসেন। বাবা পেশায় সিএনজি অটোরিকশা চালক, নাম আনোয়ার পাশা। সে ছিল একমাত্র ছেলে। বাকি দুজন মেয়ে। রাজীবদের বাড়ি গিয়ে দেখা গেল, বাবা আনোয়ার পাশা ঘরে শুয়ে আছেন। ‘বাইরে যাননি?’ এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওই রাস্তা দিয়ে সিএনজি চালাতে পারি না। মনে ভয় ঢুকে গেছে।’ ঈদের কথা তুলতেই আনোয়ার পাশা বলেন, ‘মনে হয় সব শেষ। কারণ, গত বছর ঈদের সময় ছেলের বায়না ছিল নতুন জামাকাপড়ের। কিন্তু এবার রাজীব কই?’ বাবা কাঁদতে থাকেন।এ প্রসঙ্গে মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির নিজামী বলেন, ‘ঈদের দিন ঘুম থেকে উঠে বেশ কয়েকজন স্বজনহারানোর বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি, তাদের মধ্যে ঈদ নতুন করে শোক জাগিয়ে তুলেছে। এ অনুভূতি খুব কষ্টের, যা ভাষায় ব্যক্ত করার মতো নয়।’ তিনি আরও বলেন, ‘আমার ইউনিয়নের ২৪ জন শিশু-কিশোর মারা গেছে ওই দুর্ঘটনায়। আমিও স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারিনি ঈদের দিন। এখানকার প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে নিহত ছাত্রদের জন্য।’উল্লেখ্য, গত ১১ জুলাই মিরসরাই সদর থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল খেলা দেখে মিনিট্রাকে করে বাড়ি ফেরার পথে উপজেলার বড়তাকিয়া-আবুতোরাব সড়কে ট্রাক উল্টে সড়কের পাশের ডোবায় পড়ে ৩৯ জন ছাত্রসহ ৪১ জন নিহত হয়েছে।