ঈদ জামাতের জন্য শোলাকিয়া প্রস্তুত
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।ঈদের জামাত সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে, গত কয়েক বছরের মতো এবারও শোলাকিয়া মাঠ থেকে ঈদের জামাত সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল চ্যালেন আই।প্রায় ৩০০ বছর ধরে উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। জামাত শুরু হওয়ার পাঁচ মিনিট আগে তিনটি, তিন মিনিট আগে দুটি ও এক মিনিট আগে একটি শর্টগানের গুলি ছুড়ে জামাত আরম্ভের ঘোষণা দেওয়া হয়। শোলাকিয়ায় এবার ১৮৪তম ঈদের জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। সকাল ১০টায় এ ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাঠের ভেতরে ২৬৫টি কাতার (লাইন) রয়েছে। প্রায় সাত একর জমির ওপর মূল ঈদগাহটি প্রতিষ্ঠিত হলেও জায়গা সংকুলানের অভাবে মাঠের চারপাশের খালি জায়গা-জমি, খেত, বসতবাড়ির আঙিনা ও রাস্তাঘাটে অগণিত মুসল্লিকে নামাজ আদায় করতে হয়।প্রতিবছরই এ জামাতের প্রতি ধর্মপ্রাণ মুসলমানদের আকর্ষণ বাড়ছে। এ ব্যাপারে ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যসচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, একটি বিশেষ পরিকল্পনা নিয়ে বর্তমান কমিটি কাজ করছে। মাঠের ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন, মিডিয়া সেন্টার নির্মাণ, দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণসহ সময়ের চাহিদা অনুযায়ী একটি পূর্ণাঙ্গ কমপ্লে¬ক্স নির্মাণ বিষয়ে আলোচনা হয়েছে। এ পরিকল্পনায় নিরাপত্তার দিকটিও বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে।শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি, পৌর কর্তৃপক্ষ, বিভিন্ন সরকারি সংস্থা ও প্রশাসনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠানে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। শোলাকিয়া মাঠের সার্বিক সংস্কারের কাজ শেষ হয়েছে।কর্মীরা মেহরাবের চুনকাম, মাঠে দাগ কাটার কাজ ও ওজুখানা পরিষ্কার করেছেন। জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে মুসল্লিদের ওজুর জন্য নতুন বেশ কিছু নলকূপ বসানোর পাশাপাশি রাস্তা উন্নয়ন ও অন্যান্য আনুষঙ্গিক কাজ বাস্তবায়ন করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহের জামাত সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা-ব্যবস্থা। নরসুন্দা নদীর তীর ঘেঁষে অবস্থিত বিশাল ঈদগাহ মাঠের সার্বিক নিরাপত্তায় পোশাকি নিরাপত্তার পাশাপাশি র্যাব ও ছদ্মবেশে গোয়েন্দা সংস্থার লোকজন মাঠ ও মাঠের বাইরে দায়িত্ব পালন করবেন। ঈদের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য স্বেচ্ছাসেবক দল ও স্কাউট সদস্যদের মোতায়েন প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাসস