ঈদ-পূজায় বাজারে উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে গেল সপ্তাহে রাজধানীর বিপণিবিতানগুলো ছিল বেশ সরগরম। তবে গতকাল রোববারের চিত্রটা ছিল ভিন্ন। পোশাক-আশাকের দোকানে উৎসবের আমেজ আছে যথারীতি। কিন্তু বিক্রি কম। সে তুলনায় প্রসাধনী, অলংকার ও শৌখিন দ্রব্যাদির দোকানে ক্রেতার ভিড় যথেষ্ট। বিক্রিও হচ্ছে ভালো। পোশাক ব্যবসায়ীরা জানালেন, আগের দুই দিন (শুক্র ও শনিবার) ব্যবসা ভালো হয়েছে। তা ছাড়া ঈদুল ফিতর বাদ দিলে বছরের অন্য সময়ের চেয়ে এই চিত্রটা মন্দের ভালো। পাশাপাশি খুব শিগিগরই আবার শীতের কেনাকাটা নিয়ে বাজারে ভিড় বাড়বে বলে তাঁরা আশাবাদী।পুরান ঢাকার রাজধানী সুপার মার্কেট রোববার সাপ্তাহিক বন্ধ। কিন্তু ঈদ আর পূজা উপলক্ষে গতকাল এখানে সবগুলো দোকান খোলা ছিল। বিক্রেতারা যতটা উৎসাহ নিয়ে দোকান খুলেছিলেন, নিরাশ হয়েছেন ততটাই। নিলা ক্লথ স্টোরের শামসুল হক মৃধা জানালেন, এই মার্কেটে হিন্দু সম্প্রদায়ের একটা বিশাল ক্রেতা আছে। কিন্তু এবার লম্বা ছুটি পাওয়ার কারণে অনেকে গ্রামের বাড়ি চলে গেছেন। এতে ক্রেতার উপস্থিতিটা কমেছে। তিনি জানালেন, এবার পূজার বাজারে দাপট ছিল হরে কৃষ্ণ-হরে রামসহ পাগলু, চ্যালেঞ্জ, বডিগার্ড, উলালা উলালা, ঝিলিক ও মাসাককালির মতো চটকদার নামে কিছু পোশাকের। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ ছিল। নারিন্দার অনি পাল বলেন, ‘মার্কেটগুলোয় এবারের কাপড়ের দাম গত বছরের তুলনায় একটু বেশি। এর পরও কিনতে হচ্ছে।’রাজধানীর ফ্যাশন হাউসগুলোতে গিয়ে দেখা গেছে, পূজা উপলক্ষে হরে কৃষ্ণ-হরে রাম, ‘ওঁ’ উৎকীর্ণ শাড়ি, পাঞ্জাবি এবং ফতুয়া। ছিল দুর্গা ও বিভিন্ন মন্দিরের ছবিসংবলিত টি-শাট, ছোট ও বড়দের উত্তরীয়সহ নজরকাড়া গণেশ পাঞ্জাবি সেট। আরও দেখা গেছে, লাল পাড়ের সাদা শাড়ি এবং ‘ওঁ শান্তি’ লেখা চমৎকার কিছু শার্ট।বাচ্চাদের কাছে গতবারের মতো এবারও ডোরেমন পোশাকটির বেশ চাহিদা রয়েছে বলে জানালেন মৌচাক মার্কেটের লিমা ফ্যাশন হাউসের আশিকুর রহমান। তিনি জানালেন, এবার পূজা ও ঈদ সামনে রেখে মেয়েদের জন্য লং কামিজ, লং কুর্তা, শর্ট কামিজ ও সেমি লং কামিজ এবং ছেলেদের জন্য জয়শ্রী সিল্ক, হ্যান্ডলুম ও অ্যান্ডি সিল্কের পাঞ্জাবির চাহিদা ভালো ছিল। অনেক দোকানে সাইফ-কারিনা নামের জোড়া পোশাক বিক্রি হয়েছে যথেষ্ট। পূর্বা ফ্যাশনের মালিক পাপ্পু মিয়া জানালেন, এবার তাঁদের প্রতিষ্ঠানে বাবা সেট (পিতা-পুত্রের একত্রে), মেয়েদের লেহেঙ্গা এবং কাতান জর্জেটের ওপর কারচুপি কাজের পোশাক বেশ ভালো বিক্রি হয়েছে।পোশাকের দোকানগুলোতে ক্রেতার উপস্থিতি অপেক্ষাকৃত কম থাকলেও গয়নার দোকানগুলোতে ছিল দারুণ ভিড়। গাউছিয়া মার্কেটের অলংকারের দোকানগুলোর বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেল, ঈদ কিংবা পূজার মৌসুমে ঐতিহ্যবাহী সোনার গয়নার পাশাপাশি পাথর ও পুঁতির গয়নার বেশ চাহিদা থাকে। অনেকে আগে ফরমায়েশ দিয়ে এখন গয়না নিতে আসছেন। আবার কেউ কেউ এসেছেন তৈরি গয়নাগুলো বেছে কিনতে। অল্প বয়সী মেয়েরা বিভিন্ন ধরনের পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না বেছে নিচ্ছে। গয়নার দোকান দোলার ব্যবস্থাপক ওয়াহিদুল জানালেন, পূজায় ঐতিহ্যবাহী গয়নাই বেশি চলে। ঝুমকা, সীতাহার, খোঁপার কাঁটা, চাবির গোছা এসবের চাহিদা এবার ভালো ছিল। অনেকে সোনার গয়নার পাশাপাশি সোনালি রঙের প্রলেপ দেওয়া রুপার গয়নাও কিনেছেন। গাউছিয়া মার্কেটের সামনে ফুটপাতে চুড়িসহ বিভিন্ন সাজসজ্জার দোকানগুলোতে ছিল প্রায় উপচে পড়া ভিড়। বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। তাঁদের মতে, ঈদুল আজহার আগে কোরবানির পশু কিনে পরে শৌখিন কেনাকাটার বাজেট করেন ক্রেতারা। এই হিসাবে ঈদ পর্যন্ত কেনাবেচা বেশ ভালো চলবে।