ঈদ সামনে রেখে আবার নতুন রঙে পুরোনো লঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর সামনে রেখে প্রতিবছরের মতো এবারও ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন ডকইয়ার্ডে পুরোনো ও ভাঙাচোরা লঞ্চ রং করে চেহারা ফেরানোর কাজ চলছে। চলছে দায়সারা মেরামতের কাজ। খোঁজ নিয়ে দেখা গেছে, মৌসুমি এই ব্যস্ততার কারণে অনেক মালিক দুই মাস আগে পর্যন্ত লঞ্চ ডকইয়ার্ডে ওঠানোর বায়না দিয়ে রেখেছেন। গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, কেরানীগঞ্জের তেলঘাট থেকে মীরেরবাগ পর্যন্ত প্রায় প্রতিটি ডকইয়ার্ডেই বিভিন্ন নৌযান তৈরি ও মেরামতের কাজ চলছে। অধিকাংশ ডকইয়ার্ডেই পুরোনো লঞ্চে রং ও মেরামতের কাজ চলছে। তেলঘাট এলাকার দুটি ডকইয়ার্ডে ‘আল্লাহর মর্জি’, ‘এমভি সাত্তার খান-১’ ও ‘তরিকা-৭’ নামের তিনটি লঞ্চের মেরামতকাজ চলছে। কয়েকটি ডকইয়ার্ডের মালিক ও কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তেলঘাট থেকে মীরেরবাগ এলাকা পর্যন্ত প্রায় ৩০টি ডকইয়ার্ড রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডকইয়ার্ডের মালিক বলেন, ঈদ এলেই এলাকার সব ডকইয়ার্ডে মেরামত ও রং করার চাপ বাড়ে। অনেকে কয়েক বছর ধরে বসা লঞ্চও নিয়ে আসে। চরকালীগঞ্জের অগ্রগতি ডকইয়ার্ড অ্যান্ড শিপ বিল্ডার্সে কাজ শেষে গতকাল পানিতে নামানো হয় ‘শাহীদূত’ নামের একটি তিনতলা লঞ্চ। এর ম্যানেজার জাকির হোসেন প্রথম আলোকে বলেন, বাড়তি যাত্রীর কথা বিবেচনা করে জাহাজটির দৈর্ঘ্য ৩০ ফুট বাড়ানো হয়েছে। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপথ (যাত্রীবাহী নৌযান) সমিতির সহসভাপতি শাহাব উদ্দিন দাবি করেন, ঈদের মৌসুমে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতেই মূলত রং করা হয়। এ বিষয়ে জানতে চাইলে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার স্বার্থে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেসব নৌযানের ফিটনেস সার্টিফিকেট নেই, তাদের চলাচলের সুযোগ দেওয়া হবে না।