ঈদকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে মনিটরিং সেল গঠন
ঈদকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার একটি মনিটরিং সেল গঠন করেছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীকে প্রধান করে ছয় সদস্যের কমিটিটি গঠন করা হয়েছে। ইকবাল খান চৌধুরী কমিটির প্রধান সমন্বয়কারী এবং বাকি পাঁচজন সদস্য। চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মলম পার্টির দৌরাত্ম্য, টিকিট কালোবাজারি, জলদস্যুতা, গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ইত্যাদি প্রতিরোধ এবং ভেজালবিরোধী কার্যক্রম পরিচালনা ও নগদ অর্থ পরিবহন নিরাপদ করা, মার্কেটের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা প্রতিরোধে এ কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিটরিং সেলকে সহযোগিতার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি ভিতিতে কন্ট্রোল রুম চালু করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি, ফোন নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাতে বলা হয়। মনিটরিং সেলের কাজ হবে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সব ডিআইজি রেঞ্জ, সব এসপি ও র্যাবের সব ইউনিটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করা। সংগৃহীত তথ্য এবং পত্র-পত্রিকা, রেডিও-টিভিতে প্রচারিত যেকোনো ধরনের দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও তাৎক্ষণিক প্রতিকারের বিষয়ে করণীয় ঠিক করে মনিটরিং সেলকে জানানো।