ঈদগাহের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ঈদুল ফিতরে যাঁরা সুপ্রিম কোর্ট এলাকায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে গিয়েছিলেন, তাঁদের নিশ্চয়ই সেই তেতো অভিজ্ঞতার কথা মনে আছে। মুষল বৃষ্টিতে ভেসে যাচ্ছে ঈদগাহ। সেখান থেকে ভিজে-চুপসে বাড়ি ফিরতে হচ্ছে। অথচ বৃষ্টিরোধী ত্রিপল তখন মাথার ওপরে নেই, ডিসিসি তা বিছিয়ে দিয়েছিল মাটিতে! আর গণপূর্ত বিভাগের পানিনিষ্কাশন অবকাঠামো মাঠ থেকে পানি সরাতে পারেনি। ‘ন্যাড়া একবারই বেলতলা যায়’ এই কথা ভেবে কি এবার আর জাতীয় ঈদগাহমুখো হতে চাইছেন না? ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা কিন্তু তত্ত্বকথার চেয়ে বাস্তবতার দিকেই বেশি নজর দিচ্ছেন। তাঁর আশ্বাস, এ বছর প্যান্ডেল এমনভাবে করা হচ্ছে, যাতে বৃষ্টির পানি মাঠে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এদিকে সম্প্রতি গণপূর্ত বিভাগও জাতীয় ঈদগাহের পানিনিষ্কাশন অবকাঠামো উন্নয়ন ও সংস্কার করেছে। ফলে বৃষ্টির পানি মাঠে জমার কোনো সুযোগ নেই বলে দাবি করেন নগরকর্তা।যাঁরা জাতীয় ঈদগাহে নামাজ পড়তে চান, তাঁদের ঈদের দিন সকাল সাড়ে আটটার মধ্যে সেখানে থাকতে হবে। তখনই শুরু হবে জামাত। এই জামাতে এক লাখ ২০ হাজার লোক একসঙ্গে নামাজ আদায় করবেন। এর মধ্যে নারী থাকবেন পাঁচ হাজার। তাই নারীদের জন্য আলাদা একটি প্যান্ডেল করা হচ্ছে বলে জানান ডিসিসির অঞ্চল-৫-এর উপসহকারী প্রকৌশলী খলিলুর রহমান।বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যাঁরা ঈদের নামাজ পড়তে চান, তাঁদের কিন্তু অত তাড়াহুড়ো করতে হবে না। কারণ, এখানে পাঁচ সময়ে হবে পাঁচটি জামাত। এর মধ্যে সর্বশেষ জামাত হবে বেলা সাড়ে ১১টায়। তবে প্রথম জামাত ধরলে হলে সাতসকালেই আসতে হবে বায়তুল মোকাররমে। এটি শুরু হবে সকাল সাড়ে সাতটায়। এসব তথ্য জানান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক (দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ) আবদুল্লাহ আল মারুফ।এদিকে ঐতিহ্যপ্রেমীরা ঈদের জামাত পড়তে যেতে পারেন ১৬৪০ সালে নির্মিত সাতমসজিদ রোডের ধানমন্ডি ঈদগাহে। আবার যাওয়া যায় নগরের প্রথম মসজিদ ১৪৫৭ সালে নির্মিত নারিন্দার বিনত বিবির মসজিদে। মিরপুরের অনেকে ঈদের নামাজ পড়তে যান হজরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজার মসজিদে। এই মসজিদেও আছে সুলতানি আমলের ঐতিহ্য। বাংলার সুলতান ইউসুফ শাহের রাজত্বকালে ১৪৮০ সালে মিরপুরে নির্মিত হয়েছিল একটি মসজিদ। যেখানে গড়ে ওঠে হজরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজার। এখন মাজারের পাশেই দাঁড়িয়ে আছে তিন দশক আগে নির্মিত বিশাল মসজিদ ভবন।জাতীয় আয়োজন ছাড়াও ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে নগরের পাড়ামহল্লার মসজিদ ও ঈদগাহ। পুরান ঢাকার ধূপখোলা মাঠ, বাংলাদেশ মাঠ, মিল ব্যারাক মাঠ ও আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ঈদের নামাজ হয় ৫০ বছরের বেশি সময় ধরে। গুলশান, উত্তরা, বনানী, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর এলাকার বড় বড় মসজিদে ঈদগাহ রয়েছে। ঈদের আগেই সেগুলোয় প্যান্ডেল দেওয়া হবে। এই কাজে ঈদগাহে আংশিক অর্থায়ন করছে ডিসিসি। তারা শুধু নগরের প্রতিটি ওয়ার্ডের চারটি করে মসজিদ ও ঈদগাহে এ সহায়তা দিচ্ছে।