ঈদবাজারে নামের বাহার
ঈদবাজারের কেনাকাটায় পোশাকের রং আর ঢঙের পাশাপাশি পোশাকের নাম নিয়েও চলছে আলোচনা।কারণ পপগায়িকা শাকিরা ‘ওয়াকা ওয়াকা’ গানের চিত্রায়ণে কোমরে শাড়ি না পেঁচালেও ঢাকার মার্কেটগুলো সয়লাব শাকিরা নামের শাড়িতে। একটি দোকানের শাকিরার সঙ্গে আরেক দোকানের শাকিরার যেমন ভিন্নতা রয়েছে, ঠিক তেমনই এই নামকরণ নিয়েও রয়েছে বিতর্ক। ক্রেতাদের থলিতে নিজ দোকানের পণ্যটা গছাতে বিক্রেতাদের এই মুখরোচক নামের অবতারণা বলে জানালেন খোদ বিক্রেতারাই। ফ্যাশনবোদ্ধারা অবশ্য এ ধরনের নামকরণে আপত্তি জানালেও আগ্রহী ক্রেতা আর চতুর বিক্রেতার কাছে বেশ কদর রয়েছে এই নামগুলোর।পোশাকের নামের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে হালের জনপ্রিয় নায়িকাদের নাম। এ ক্ষেত্রে এগিয়ে বলিউডের নায়িকা ক্যাটরিনা ও কারিনা। তাদের নামে সালোয়ার-কামিজ দেদার চলছে ঢাকার শপিং মলগুলোতে। বলিউডি প্রভাবের পাশাপাশি পোশাকে রয়েছে হিন্দি সিরিয়ালের নাম নিয়েও আদিখ্যেতা। রাজা কি আয় বরাত কিংবা সাথিয়া নামের হিন্দি সিরিয়ালগুলো এখন আর কেবল টেলিভিশনের বাক্সেই বন্দী নেই—কারিনা-ক্যাটরিনার সঙ্গে চলে এসেছে নগরের শপিং মলগুলোতেও। নামকরণের দিক দিয়ে অবশ্য কম যাচ্ছে না এই হিন্দি সিরিয়ালের চরিত্রগুলোও। সাজনা, রাগিণী, অপ্সরা, বর্ষা আর সোহানা নামে ভারতীয় শাড়িরও জয়জয়কার এবারের বাজারে।‘ভারতের বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি ও সুরাট থেকে যে শাড়িগুলো আসে, সেগুলোর নাম ওখান থেকেই ঠিক করে দেওয়া হয়। কিন্তু বেশির ভাগ দোকানে শাড়ি বা কামিজের চটকদার যে নামগুলো দেওয়া হয়, এর বেশির ভাগই আমাদের দেশের ব্যবসায়ীরা দিয়ে থাকেন।’ বলছিলেন নিউমার্কেটের শালিমার শাড়ির দোকানের মালিক মো. মামুন। তবে আনারকলি, মাসাককালি কিংবা শাকিরা—এই নামগুলো পাইকারি বাজার থেকেই ঠিক করে দেওয়া হয় বলে জানালেন মৌচাক মার্কেটের উজ্জ্বল এম্পোরিয়াম নামের দোকানের কর্মী সঞ্জু বসাক।বেইলি রোড়ের টাঙ্গাইল শাড়ি কুটিরে গিয়ে পাওয়া গেল জামদানি, টাঙ্গাইল সুতি, টাঙ্গাইল সিল্ক, মণিপুরি সিল্ক, ঝুটকাতান, মসলিন, হ্যান্ডওয়ার্ক, হাফ সিল্কসহ বেশ কিছু নাম। কিন্তু তাদের এই নামের ভান্ডারে কোথাও কিন্তু কোনো নায়িকা, গায়িকা বা হিন্দি সিরিয়ালের কথা উল্লেখ নেই। এ প্রসঙ্গে বেইলি রোডের প্রিয়দর্শিনী শাড়িঘরের মো. মনিরুল আলম বলছিলেন, ‘আসলে ক্রেতাদের বিভ্রান্তি সৃষ্টি করে এ রকম কোনো নাম আমরা ব্যবহার করি না।’চটকদার নামের প্রতি ক্রেতাদের আগ্রহেরও কমতি দেখা গেল না। ধানমন্ডি হকার্স মার্কেটে এসে লাবণী রহমান নামের এক ক্রেতা খুঁজছিলেন ক্যাটরিনা থ্রিপিস। দোকানি তাঁকে যে থ্রিপিসটি দেখালেন, সেটা নাকি ক্যাটরিনা নয় জানিয়ে তিনি পাশের দোকানের দিকে পা বাড়ালেন। ক্রেতাদের ভোলাতে পারদর্শী দোকানিরা কিন্তু ঠিকই এই নামগুলোর সদ্ব্যবহার করেন তাঁদের কথার ছলচাতুরীতে। গাউছিয়া মার্কেটের পোশাক ব্যবসায়ী আলম অকপটে জানালেন ক্রেতা-বিক্রেতার এই নামের কারসাজির কথা। তিনি বলেন, ‘মনে করেন, একটা কাস্টমার আসছে সালোয়ার-কামিজ কিনব, তারে মোটামুটি সব ধরনের কাপড়ই দেখাইলাম, তার পরও পছন্দ হচ্ছে না। তখন তারে ওই একই কাপড় একটু ঘুরাই ফিরাই যদি বলি, আপা, এই থ্রিপিসটা নায়িকা ক্যাটরিনা পরছিল, এইটার নাম কারিনা। তাহলে অনেকেই এতে বেশ পটে যায়। বেশ ভালো দামেই তখন তার কাছে থ্রিপিসটি বিক্রি করা যায়।’ বিক্রেতাদের এই মিষ্টি কথায় কিন্তু সব ক্রেতার চিঁড়া ভেজে না। নিউমার্কেটে কেনাকাটা করতে আসা নূর আলী সরকার তাই যাচাইবাছাই করেই কাপড় কেনার কথা জানালেন। পোশাকের নাম নিয়ে ছোটবেলার স্মৃতির কথা বললেন বসুন্ধরা সিটিতে শপিং করতে আসা রাইসা, ‘ছোটবেলায় অবশ্য পোশাকের নাম নিয়ে একটা ক্রেজ কাজ করত। এখন বুঝি, এসব নামে আসলে কিছুই যায় আসে না।’ উৎসবের দিন আকর্ষণীয় পোশাকটা কেনার আগেই নাম নিয়ে না ভেবে বরং পছন্দ আর রুচিকেই প্রধান্য দেওয়া দরকার বলে জানালেন ফ্যাশন ডিজাইনাররা। ফ্যাশন হাউস কে ক্রাফটের কর্ণধার খালেদ মাহমুদ খান এ ধরনের নামকরণের বিরোধিতা করে বললেন, ‘দেশের বাইরের নিম্নমানের পোশাক দেশে২ চালানোর জন্য এ ধরনের উল্টাপাল্টা নাম দেওয়া মোটেই ঠিক নয়। দেশীয় শিল্পের বিকাশ ঘটিয়ে দেশীয় রুচিকে প্রাধান্য দেওয়া উচিত।’