বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক জামাই মেলা। নাটকটি লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন আজহারুল আলম। নাটকে অভিনয় করছেন আজিজুল হাকিম। কথা হলো তাঁর সঙ্গে।‘জামাই মেলা’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।নাটকে আমি একজন ঠসার (কানে কম শোনা) ভূমিকায় অভিনয় করছি। যখন নাটকটির চিত্রনাট্য হাতে পাই, তখন একটু ভয় হচ্ছিল—কী না কী হয়! কিন্তু কাজ শুরুর পর আমার ধারণা পাল্টে যায়। এখানে আমি কুমিল্লার জামাই চরিত্রে কাজ করছি।এই নাটকে কাজ করতে কেমন লাগছে?নাটকের সংলাপগুলো বেশ হাসির। তাই ক্যামেরার সামনে কোনো শিল্পী যখন সংলাপ বলেন, তখন সবাই হেসে লুটোপুটি খায়। বুঝতেই পারছেন, কাজটা করতে কেমন লাগছে। হাসির জন্য কোনো দৃশ্যই একবারে চূড়ান্ত হয় না।ঈদের জন্য কতগুলো নাটকে কাজ করেছেন?এবার ঈদে খুব বেশি নাটকে কাজ করা হয়নি। তার পরও কায়সার আহমেদের ফাফড়, শাহদাত হোসেনের নায়িকার মার শিডিউল নাই, প্রীতম হাসানের ঢাকা টু বরগুনা, আবু হাসনাত মঞ্জুর ভালোবাসার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ছাড়াও মতিন এমপির পিএস নাটকের শুটিং করেছি। তবে মতিন এমপির পিএস নাটকের নামটা বদলে যেতে পারে। দুটি টেলিছবিতেও কাজ করেছি—এস এ হক অলিকের বিন্দু চোরা ও তাঁর ভাই বেরাদার এবং জি এম সৈকতের আউলা ঝাউলা।কিছু পরিচালনা করেছেন?না, এবার ঈদের জন্য তেমন কিছু করিনি। তবে সামনে একটা ধারাবাহিক তৈরির প্রস্তুতি নিচ্ছি। নাটকটি লিখেছেন আমার স্ত্রী জিনাত হাকিম।নাটকের বাইরে আর কিছু করছেন?এবার ঈদে আনন্দ আলো পত্রিকার ঈদসংখ্যায় ছোটগল্প লিখেছি। তবে লেখালেখিটা নিয়মিত করার ইচ্ছা আছে।আপনার মেয়ে নাযাহ নাকি অভিনয় করছে?হ্যাঁ, দেশ টিভির মেট্রো ধারাবাহিকে নাযাহ কাজ করছে। আমি ও জিনাত দুজনেই খুব খুশি। ছোটবেলা থেকে নাযাহর নাটকে কাজ করার ব্যাপারে বেশ আগ্রহ দেখেছি।