ঈদুল আজহা উদযাপিত
ত্যাগ-তিতিক্ষার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে গত বুধবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে মুসলমান সম্প্রদায় তাঁদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। মহান আল্লাহর কৃপা লাভের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়।সকালে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য মুসল্লিরা স্থানীয় ঈদগাহ কিংবা মসজিদে সমবেত হন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মার জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন।ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাইকোর্টের পাশে জাতীয় ঈদগাহে। সকাল আটটায় জামাত শুরু হয়। এখানে রাষ্ট্রপতি জিল্লুর রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সর্বস্তরের সাধারণ মানুষ জামাতে অংশ নেন। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও ঈদের নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা ছিল। ঈদগাহ ছাড়াও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত হয়। দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতা, বেসামারিক ও সামরিক কর্মকর্তা, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ ছাড়া ঈদের দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ঈদের দিন লেডিস ক্লাবে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে চাকরিজীবীরা এবার পেয়েছেন টানা পাঁচ দিনের ছুটি। ঈদের আনন্দ উপভোগের জন্য ঢাকা ছেড়ে অনেক মানুষ তাদের গ্রামের বাড়িতে চলে যাওয়ায় মহানগরে নেমে এসেছে নিরিবিলি ছিমছাম পরিবেশ। রাজপথ এখন যানজট ও কোলাহলমুক্ত। আজ সাপ্তাহিক ছুটি শেষে আগামী কাল সরকারি অফিস-আদালত খুলবে।