ঈদুল আজহা উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্যাগের আদর্শে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে মুসলমান সম্প্রদায় সোমবার তাঁদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করেছে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই ঈদে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়েছেন মুসলমানরা। সকালে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য মুসল্লিরা স্থানীয় ঈদগাহ কিংবা মসজিদে সমবেত হন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে তাঁরা মোনাজাত করেন। নামাজ শেষে সবাই ত্যাগের আদর্শে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেন। ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাইকোর্টের পাশে জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সর্বস্তরের সাধারণ মানুষ ওই জামাতে অংশ নেন। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও ঈদের নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা ছিল। ঈদগাহ ছাড়াও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতা, বেসামরিক ও সামরিক কর্মকর্তা, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ঈদের দিন লেডিস ক্লাবে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।ঈদের আনন্দ উপভোগের জন্য ঢাকা ছেড়ে অনেক মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় রাজধানীর রাস্তাঘাট ছিল ফাঁকা। রাজপথ এখন যানজট ও কোলাহলমুক্ত। শিশুপার্ক, চিড়িয়াখানাসহ রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে এখনো উপচে পড়া ভিড়। সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যানসহ বিভিন্ন স্থানেও বিনোদনের জন্য যাচ্ছে মানুষ।ঈদুল আজহা উপলক্ষে রোববার থেকে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে চাকরিজীবীরা এবার পেয়েছেন টানা পাঁচ দিনের ছুটি। এ ছুটি শেষে গতকাল বুধবার সরকারি অফিস-আদালত খুললেও উপস্থিতি ছিল একেবারেই কম। কাল শুক্র ও শনিবার আবার সাপ্তাহিক ছুটি। ফলে রোববার থেকে অফিস-আদালতে কর্মচাঞ্চল্য ফিরে আসবে।