ঈদুল আজহা পর্যন্ত ঢিলেঢালা কর্মসূচি দিল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ঈদুল আজহা পর্যন্ত ঢিলেঢালা কর্মসূচি পালন করবে বিএনপি। এই সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বিভিন্ন মহানগর ও জেলা সফর করবেন এবং ১৮-দলীয় জোটের নেতারা দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবেন। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। নির্দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে দলটি এসব কর্মসূচি ঘোষণা করেছে।গত রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর গতকাল সোমবার ১৮ দলের সঙ্গে বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরে বিএনপি। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ এবং মহানগর ও উপজেলা পর্যায়ে গণমিছিল। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। ২০ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত খালেদা জিয়া মহানগর ও জেলায় সমাবেশ করবেন। রোডমার্চের সময় ও গত সাড়ে তিন বছরে যেসব মহানগর ও জেলায় তিনি সমাবেশ করেননি সেগুলো সফরের তালিকায় থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার প্রতিবাদে ৬ সেপ্টেম্বর রাজধানীসহ সব মহানগরে বিক্ষোভ সমাবেশ করা হবে।পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে ৯ সেপ্টেম্বর, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৬ সেপ্টেম্বর, ইলিয়াস আলীসহ জোটের নেতাদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে ২৩ সেপ্টেম্বর এবং খালেদা জিয়াসহ জোটের শীর্ষস্থানীয় নেতাদের নামে মামলা দেওয়ার প্রতিবাদে ৩০ সেপ্টেম্বর মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করা হবে। ঈদুল আজহার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আবারও ১৮-দলীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে মির্জা ফখরুল জানান।