ঈদুল আজহা পর্যন্ত ১৮ দলীয় জোটের ‘নরম’ কর্মসূচি
নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেড় মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ৭ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এসব কর্মসূচিতে গণমিছিল, গণসংযোগ, সমাবেশ ও খালেদা জিয়ার জেলা সফর রয়েছে।গতকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের কর্মসূচি ঘোষণা করেন।এর আগে গত ১১ জুন খালেদা জিয়া ঢাকায় ১৮ দলীয় জোটের গণসমাবেশে রোজার ঈদের পর কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নতুন কর্মসূচি ঘোষণার মাধ্যমে আপাতত ‘কঠোর’ অবস্থান থেকে সরে এসেছে বিরোধীদলীয় জোট। দলীয় সূত্রগুলো জানায়, আগামী ঈদুল আজহা পর্যন্ত ১৮ দলীয় জোট ‘নরম’ বা ‘ঢিলেঢালা’ কর্মসূচির মাধ্যমে জনমত গঠনের কাজ চালিয়ে যাবে। তবে এসব কর্মসূচিকে ঢিলেঢালা বলতে রাজি নন মির্জা ফখরুল। তিনি বলেন, আন্দোলনের প্রতি জনসম্পৃক্ততা বাড়িয়ে একে ধাপে ধাপে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে। গত রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এবং পরদিন রাতে ১৮ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর গতকাল জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ এবং মহানগর ও উপজেলা পর্যায়ে গণমিছিল। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। আর ২০ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত খালেদা জিয়া বিভিন্ন মহানগর ও জেলায় সমাবেশ করবেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার প্রতিবাদে ৬ সেপ্টেম্বর রাজধানীসহ সব মহানগরে বিক্ষোভ-সমাবেশ, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে ৯ সেপ্টেম্বর, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৬ সেপ্টেম্বর, ইলিয়াস আলীসহ জোটের নেতাদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে ২৩ সেপ্টেম্বর এবং খালেদা জিয়া ও তারেক রহমানসহ জোটের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে ৩০ সেপ্টেম্বর মহানগর, জেলা ও উপজেলায় পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করা হবে। ঈদুল আজহার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আবারও স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে গতকালের সংবাদ সম্মেলনে জানানো হয়।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার দেশকে বিপজ্জনক অবস্থায় নিয়ে গেছে। রাজনীতিতে সংকট ও অনিশ্চয়তা তৈরি করেছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশকে সংঘাতের দিকে নিয়ে গেছে। দেশ অন্ধকার সুড়ঙ্গের দিকে, আলোর দেখা পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, দেশের অর্থনীতিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। অভাবের কারণে সন্তানদের হত্যা করছেন মা-বাবা। এটা ’৭৪ সালে আওয়ামী লীগ সরকারের সময় হয়েছিল। ডেসটিনি ও হলমার্কের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। সোনালী ব্যাংকের যাঁরা পরিচালনা পর্ষদে আছেন তাঁরা সবাই সরকারদলীয় সংগঠনের নেতা।ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার কাউকে ঐক্যবদ্ধ রাখতে পারছে না। সংসদ ও বিচার বিভাগকে মুখোমুখি করে দিয়েছে। তিনি বলেন, সরকার যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতো তবে পদ্মা সেতুর দুর্নীতির কারণেই পদত্যাগ করত। সংবাদ সম্মেলনে ১৮ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ, মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।