ঈদুল ফিতর উদ্যাপিত
বিপুল আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দেশজুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর ধনী-গরিবনির্বিশেষে গত বুধবার সবাই এ ধর্মীয় উৎসবে শরিক হয়েছিলেন।ঈদের জামাত শেষে কোলাকুলির চিরাচরিত দৃশ্য ছিল উৎসবের অন্যতম আকর্ষণ। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের পরনে ছিল নতুন ও পরিচ্ছন্ন পোশাক। আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া, বিশেষ খাবার, বেড়ানো ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদ হয়ে ওঠে আনন্দময়। শহর ছিল ফাঁকা, যানবাহন ছিল কম। বিনোদনকেন্দ্রগুলোতে ছিল ভিড়। ঈদুল ফিতর উপলক্ষে মুসলমানেরা গরিবদের মধ্যে জাকাত ও ফিতরা বিতরণ করেন।রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, মন্ত্রীপরিষদের সদস্য, বিচারপতি ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র, সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জামাতে অংশ নেন।কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন লাখ মুসল্লি এই জামাতে যোগ দেন। সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড থেকেও মুসল্লিরা এই জামাতে যোগ দেন।চট্টগ্রামে ২৩২টি ঈদের জামাতের মধ্যে এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। শহরের আন্দরকিল্লা শাহি মসজিদ, লালদিঘির ময়দান, প্যারেড ময়দানসহ শহরের বড় মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাজশাহীতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় শহরের শাহ মখদুম (রা.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এ ছাড়া খুলনা, বরিশাল ও সিলেট শহরের বড় মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।ঈদ উপলক্ষে রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরের প্রধান সড়কগুলোতে আলোকসজ্জা করা হয়। সরকারি ও বেসরকারি দপ্তরগুলোতে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। ঈদের দিন সকালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে সমাজের বিশিষ্ট ব্যক্তি ও রাষ্ট্রদূতদের সৌজন্যে অভ্যর্থনার আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও রাষ্ট্রদূতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।