ঈদে অস্ত্রবিরতিতে সম্মত সিরীয় সরকার
সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত লাখদার ব্রাহিমি বলেছেন, পবিত্র ঈদুল আজহার সময় অস্ত্রবিরতি থাকবে বলে জানিয়েছে বাশার আল-আসাদের সরকার। আজ বুধবার মিসরের রাজধানী কায়রোতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অধিকাংশ বিদ্রোহী সংগঠন এ অস্ত্রবিরতি মেনে নেবে বলেও জানিয়েছেন তিনি। সিরীয় সরকার জানিয়েছে, অস্ত্রবিরতির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার।ব্রাহিমি বলেন, শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ঈদুল আজহার উত্সবের সময় অস্ত্রবিরতি শুরু হবে বলে আশা করছেন তিনি। একই সঙ্গে এ সময় কার্যকর ও দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতি চুক্তির আলোচনা শুরু করা যাবে বলেও আশা তাঁর।সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের অস্ত্রবিরতিতে রাজি করাতে দুই সপ্তাহ ধরে সিরিয়ায় আছেন লাখদার ব্রাহিমি। ইতিমধ্যেই তিনি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সফর করেছেন। ‘অস্ত্রবিরতির মাধ্যমে একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা’ই তাঁর প্রাথমিক লক্ষ্য। বিবিসি।