এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক সবুজ নক্ষত্র। নাটকটি লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন গোলাম সোহরাব। নাটকে অভিনয় করছেন তিশা। কথা হলো তাঁর সঙ্গে।শুটিংয়ে নাকি?হ্যাঁ। উত্তরায় নাটবল্টু নামের একটি ধারাবাহিকের শুটিং করছি। এটি লিখেছেন মুক্তনীল আর পরিচালনা করছেন সকাল আহমেদ। নাটকটিতে স্বামী-স্ত্রীর সম্পর্কের কিছু জটিলতা তুলে ধরা হয়েছে।‘সবুজ নক্ষত্র’ নাটকে কাজের অভিজ্ঞতা কেমন?মফস্বল শহরের নানা ঘটনা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নাটকটি। নগরের যান্ত্রিকতার চেয়ে মফস্বল শহরের জীবন অনেক বেশি গোছানো। সম্পর্কগুলো অনেক কাছের। শহরের ছোট ছোট ঘটনা প্রভাব ফেলে সবার মধ্যে। এসব সম্পর্ক আর ঘটনা নিয়ে নাটকের গল্প। মানিকগঞ্জের বেথেলি, সদর ও কিছু প্রত্যন্ত এলাকা এবং ঢাকায় নাটকটির শুটিং করেছি। ঢাকার বাইরে নাটকের শুটিং করতে কষ্ট হলেও প্রচারের পর যখন সবার প্রশংসা শুনি, তখন খুব ভালো লাগে।ঈদের সময়টা কেমন কাটালেন?মোটামুটি ভালোই কেটেছে। এবার ঈদে আমি ও মোস্তফা সরয়ার ফারুকী ব্যাংককে গিয়েছিলাম। বিয়ের পর এটাই আমাদের দুজনের দেশের বাইরে কোথাও যাওয়া। তবে শুটিংয়ের কারণে খুব বেশি দিন সেখানে থাকতে পারিনি। মাত্র তিন দিন ছিলাম। এই সময়টায় সেখানে কেনাকাটা করেছি আর আশপাশে ঘুরে বেড়িয়েছি।তার মানে এবার ঈদে আপনার অভিনীত নাটক ও টেলিছবিগুলো দেখতে পারেননি?এবারের ঈদে কিছু কাজ দেখার ইচ্ছা ছিল। কিন্তু ব্যাংককে যাওয়ার কারণে সেটা সম্ভব হলো না। এসে আবার ব্যস্ত হয়ে পড়েছি শুটিং নিয়ে। তবে কয়েকটির কাজের জন্য প্রশংসা পেয়েছি। তাই মনে হচ্ছে, এবার ঈদে কিছু ভালো কাজ দর্শকদের উপহার দিতে পেরেছি।নতুন কী করছেন?এখন যে ধারাবাহিকগুলো দেখানো হচ্ছে, সেগুলোর কাজ করছি। কয়েকটি এক ঘণ্টার নাটকের প্রস্তাব আছে। এর মধ্যে বিজয় দিবসের কয়েকটি নাটকের চিত্রনাট্য হাতে পেয়েছি।