ঈদে আসছে টুটুলের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস আই টুটুলের সর্বশেষ অ্যালবাম শুন্য বেরিয়েছিল ২০০৮ সালে। তখন নিজেই গড়েছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান, নাম দিয়েছিলেন ‘আরশি’। পাইরেসির কারণে কোনোটাতেই সফল হতে পারেননি। টুটুলের ভাষায়, ‘আর্থিকভাবে তখন খুবই ক্ষতিগ্রস্থ হয়েছিলাম। সেই ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারিনি।’ এরপর পাইরেসির বিরুদ্ধে নিরব প্রতিবাদ হিসেবে ২০০৯ সালে টুটুল ঘোষণা দেন, তিনি নিজের একক কিংবা ব্যান্ড ফেস টু ফেসের কোনো অ্যালবাম প্রকাশ করবেন না। এরপর কেটে গেছে দুই বছর। টুটুল কোনো অ্যালবাম করেননি। এ সময় গান করেছেন চলচ্চিত্রে, টিভিতে আর মঞ্চে। এখন আবার অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টুটুলের মতে, ‘এখন পরিস্থিতি পাল্টেছে। মুঠোফোন প্রতিষ্ঠানগুলো অ্যালবাম প্রকাশে এগিয়ে এসেছে। শিল্পীরা কিছুটা নিরাপত্তা পাচ্ছে। অ্যালবাম তৈরি করে নিশ্চিত ক্ষতির চিত্রটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। তাই এখন আবার অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।’ হ্যাঁ, এবার কোরবানীর ঈদে নিজের একক অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন এস আই টুটুল। আপাতত নাম রাখছেন ইমোশনস। গত দুই বছরে তিনি অনেকগুলো নতুন গান তৈরি করেছেন। তার মধ্য থেকে ১০টি গান রাখছেন নতুনটিতে। সবকটি গানই মেলোডিপ্রধান। তবে শাস্ত্রীয়সংগীতের কিছুটা ছোঁয়াও থাকছে।গত কয়েক মাস দেশের বাইরে কনসার্ট নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করেছেন তিনি। ফিরে এসে ব্যস্ত প্লেব্যাক নিয়ে। জানালেন, ঈদের পর ফেস টু ফেস ব্যান্ডের কাজ শুরু করবেন। আর অ্যালবামটি বের করবেন আগামী পয়লা বৈশাখে।