ঈদে গ্রামটাই যেন পাল্টে গেছে
রোজার সাতদিন আগে জুবায়েরের বাবা মারা গেছেন। বিকেল বাবার দাফন শেষ করার পর কবরস্থানেই খবর এল তার দাদিও মারা গেলেন। কয়েক ঘণ্টার ব্যবধানে মা-ছেলেকে পাশাপাশি কবর দিল গ্রামবাসী। পিতৃহীন কিবরিয়ার বয়স পনেরো। ঘরে তার মা যেমন আছেন, তেমনি আছেন তার বিধবা বড় বোনও। দাদিও স্বামীহারা। একই ছাদের নিচে তিন প্রজন্মের তিনজন বিধবা। এই রোজায় প্রথম প্রজন্মের জন চলে গেলেন। এরকম প্রতিটি ঘরেই, প্রতিটি মানুষের ভেতরে এক একটা দীর্ঘশ্বাসের গল্প আছে। তবুও আনন্দ আসে, দুঃখের তিমিরে মঙ্গলা লোক জ্বালাতে আসে ঈদ। ছোট বড় ধনী দরিদ্র সবাই জড়ো হয় এক সাথে ঈদের জামাতে। সব দুঃখ, সব ভেদাভেদ ভুলে প্রাণে প্রাণ মেলায়, কোলাকুলি করে। পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে কোলাহল হয়। রাস্তায় রাস্তায় রঙিন পোশাকে শিশুদের আনন্দ যাত্রা চলে। ঈদের দিন সকাল ১১টা। চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসা গ্রামের মুনিরিয়ার মসজিদের সামনের মোড়। ওখানে শত শত মানুষের পুনর্মিলনী ঘটেছে। সমবেত সবার বেশির ভাগই থাকেন শহরে। ঈদে সবাই এসেছেন গ্রামে। বহুদিন পর স্বজনদের সাথে দেখা হলো। শাহজালাল ব্যাংকের কর্মকর্তা মোবারক হোসেন জানান, চট্টগ্রাম শহরে থাকি, এই গ্রামের অনেকেই থাকেন। কিন্তু কারও সাথে দেখাই হয় না সারা বছর। ঈদে বাড়ি আসি, সবার সাথে দেখা হয়। ভালো লাগে। ঈদে বাড়ি এসেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা.আবু তৈয়ব গ্রামের মুরব্বিদের সাথে সাক্ষাত্ করতে। সাংসদ চেমন আরা তৈয়বের বাড়িও মনসায়। তিনিও দেখা করেছেন সবার সাথে। টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আবুল কালাম সারাদিন কাটিয়েছেন গ্রামেই। ঢাকা থেকে এসেছেন বুয়েটের অধ্যাপক ফখরুল আনোয়ার। তিনি জানালেন কয়েকদিন কাটিয়ে যাবেন এবার বাড়িতে। এমনি করে দেশের বিভিন্ন প্রান্তে নানা পেশায়, নানা কর্মে নিয়োজিত মনসা গ্রামের মানুষ। তারা সবাই এসেছেন। ‘ঈদ এলে পুরো গ্রামটায় যেন মেলা বসে’ — বললেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাসির। তিনি বললেন, ‘আমাদের গ্রামের মেয়ে সাংসদ চেমন আরা তৈয়ব, তিনি এসেছেন ঈদে। তাই গ্রামের কর্মীদের মধ্যে একটা বেশ উত্সাহ উদ্দীপনা।’ ‘ঈদের দিন গ্রামের চেহারাটাই পাল্টে গেছে। রাস্তায় রাস্তায়, মানুষের বাড়ির সামনে গাড়ির সারি। তবে আগে এমনটা ছিল না’ — বললেন ৭০ বছর বয়সী সিরাজুল হক। আগে বেশির ভাগ মানুষ গ্রামেই থাকত। হাতে গোনা কয়েকজন গ্রামের বাইরে কাজ করতেন। তারা সাপ্তাহিক বন্ধের দিনে গ্রামে চলে আসতেন অথবা কেউ কেউ নদী পারাপার করে প্রতিদিন আসতেন যেতেন। এখন গ্রামটা ক্রমে মানুষশূন্য হয়ে যাচ্ছে। ঈদ আসলে আমাদের গ্রামটা যেন প্রাণ ফিরে পায়। এত গাড়ি গ্রামে কখনো দেখিনি। আমাদের যৌবনকালে কাজে কর্মে শহরে গেলেও এত গাড়ি দেখতাম না। এখন শহর থেকে সবাই আসেন গাড়ি নিয়ে। পুরোনো দিনের স্মৃতিচারণ করলেন গ্রামের আবদুস সোবহান, ‘আমরা যখন ছোট ছিলাম তখন সারাদিন মিলে ঈদের সালামি পেতাম ২৫ থেকে ৫০ পয়সা। এখন দশ বছরের একটা বাচ্চার পকেটেও দেখি হাজার টাকা। আর ঈদে একটা জামা পাব সেই স্বপ্নে বিভোর থাকতাম। সারা বছরে ওই ঈদের দিনেই নতুন একটা জামা পরার সৌভাগ্য হতো। আর এখনকার ছেলেমেয়েদের চাহিদার যেন শেষ নেই। একেকজন চার-পাঁচটা করে জামা না কিনলেও মন ভরে না। খাবারের পরিবর্তনের কথা বললেন ৮০ বছরের বৃদ্ধা জোহরা খাতুন। জানালেন, বারো বছর বয়সে এই গ্রামে বউ হয়ে এসেছেন। রোজার কয়েকদিন আগে থেকে তাঁদের নির্ঘুম রাত কাটতো নানা রকমের পিঠাপুলি তৈরি করতে। সেমাই ছিল তখন অনিবার্য একটা পদ। তাছাড়াও গুঁড়া পিঠা, সাইন্না পিঠা, চুট্টি পিঠা আরও কত রকমের মিষ্টি খাবারের আয়োজন ছিল তখন। আর এখন এমন আনন্দের দিনে মিষ্টি খাবার পাওয়াই মুশকিল হয়ে যায়। সবার বাড়িতে নানা রকমের ঝাল করবে, বিরানী করবে। তিনি বললেন, ‘ এসব খাবার বাবা খাইতে ইচ্ছা করে না।’ রিকশাওয়ালা মজিদের আয়-রোজগার ভালোই হয়েছে। তাঁর যাত্রীর বেশির ভাগই আজ শিশু। তারা দল বেঁধে এ বাড়ি ওবাড়ি ঘুরেছে তাঁর রিকশায়।দরিদ্র কৃষক নুরু জানালেন, ‘ঈদ এলে বড় লোকরা বাড়িতে আসেন। তাঁরা ঈদের বকশিশ দেন, কিছু হাতে আছে, কয়েকদিন তাই ভালোই যায়। ’ বাংলাদেশের অন্যসব গ্রামের চেয়ে একটু আলাদা এই গ্রামটি। এখানে সরকারী আমলা, ডাক্তার, প্রকৌশলী, ব্যাংকার, শিক্ষক, শিল্পপতি, ব্যবসায়ী, রাজনীতিকের কমতি নেই। তবু সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়ার লোকও কম নয়। তারপরও কেন দারিদ্র্য? বি এ এফ কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন জানালেন, আমাদের গ্রামে কিছু ছদ্মবেশী বেকার আছেন, তাদের ‘ধনী ভিক্ষুকও’ বলা যায়। তারা সারা বছর কোনো কাজ কর্ম করেন না। বড়লোকদের সাহায্যের উপরই দিন চলে যায়। মনসা গ্রামের পাশেই কুসুমপুরা। এই গ্রামে বিখ্যাত শান্তির হাট। চট্টগ্রাম কক্সবাজার সড়কের পাশে অবস্থিত এই হাট ঈদের দিন ছিল লোকে লোকারণ্য। আশেপাশের গ্রাম বিনিনিহারা, সাতৈতইয়া, হরিণখাইন, জিরি, বুধপুরা, পাঁচরিয়াসহ বহু গ্রাম থেকে মানুষ আসেন এখানে বাজার করতে। গরুর মাংসের জন্য বিখ্যাত শান্তির হাটে এবার ঈদের আগের দিন ও ঈদের দিন মোট দুই দিনে ৫৬টি গরু জবাই হয়েছে। বিক্রি হয়েছে কেজি প্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা। এত গরু কেন জবাইয়ের কারণ হিসেবে মাংস বিক্রেতা মকসুদ জানালেন, শহর থেকে মানুষজন এসেছেন। ঈদে তারা মাংসের নানা রকমের আইটেম বানান। তাছাড়া শহর থেকেও লোকজন আসেন তাঁর কাছে মাংস কিনতে। ঈদ এল বলে নির্জন নিস্তরঙ্গ মনসা গ্রামে আনন্দের ঢেউ উঠেছে। ঈদ চলে গেছে। সবাই আবার যে যার নিজস্ব কাজের তাগিদে ফিরে যাবে শহরে। তিনদিনের জন্য খালি শহরটা আবার কানায় ভরে যাবে। হাজারো গাড়ি, হাজারো দালান, শত কাজের মধ্যে মানুষগুলো হারিয়ে যাবে। আর মনসা আবার চুপচাপ হয়ে যাবে তার চারপাশের গাছগুলোর মতো।