ঈদে ঘরে ফেরার আনন্দযাত্রায় দুর্ভোগও সীমাহীন
উত্তরবঙ্গের রেলের সময়সূচি ঠিক হওয়ার আগেই ঢাকা থেকে চট্টগ্রাম, বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের লোকজনকে যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে। যানজটের ভোগান্তিতে ঢাকা-টাঙ্গাইল পথের ঘরমুখী মানুষেরাও। নৌপথে জট নেই ঠিকই, তবে ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদে কয়েক শ মানুষ। দুর্ভোগ, অপেক্ষা, উৎকণ্ঠা আর ঝুঁকি—ঈদে ঘরমুখী মানুষের জন্য নতুন অভিজ্ঞতা নয়। এবারও একই অভিজ্ঞতায় পড়তে হচ্ছে ঘরমুখী মানুষগুলোকে। সবকিছুর পরও গতকাল শুক্রবার রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। গতকাল রাজধানীর সড়কে তেমন যানজট ছিল না। বাসা থেকে নির্বিঘ্নে বের হলেও বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনের প্রবেশমুখগুলোতে পড়তে হয়েছে যানজটের কবলে। যানবাহনের চাপ আর সড়ক-ফুটপাত দখল করে পসরা সাজিয়ে বসাই প্রবেশমুখগুলোতে যানজটের উৎপত্তি। গত বুধবার রাজশাহীর চারঘাটে পদ্মা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়লে উত্তরবঙ্গ ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ১২ জোড়া ট্রেনের সময়সূচিতে বিপর্যয় নেমে আসে। ট্রেনগুলো তিন থেকে পাঁচ ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ে। গত বৃহস্পতিবার রাত্রে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়লে গতকালও এই বিপর্যয় সামাল দেওয়া যায়নি। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনা ও ঝুঁকিপূর্ণ মেঘনা-গোমতী সেতুতে যানবাহন ধীরগতিতে চলার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার রাত থেকে গতকাল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজট হয়। পোশাকশ্রমিকেরা রাস্তায় নামার কারণে এবং মির্জাপুরে বালুবাহী ট্রাক উল্টে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয় যানজট।