এনটিভিতে আজ রাতে দেখানো হবে নাটক ফিরে এসো আবার। রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। নাটকটিতে অভিনয় করেছেন পূর্ণিমা। এ ছাড়া গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পূর্ণিমা অভিনীত চলচ্চিত্র গরিবের মন অনেক বড় । কথা হলো তাঁর সঙ্গে।গরিবের মন যদি অনেক বড় হয়, তাহলে ধনীর মন কি বড় নয়?সেটা ছবির পরিচালকই ভালো বলতে পারবেন। তবে আমি ধনী নই, আবার গরিবও নই; মধ্যবিত্ত। তাই মনটাও মাঝামাঝি ধরনের। সবার প্রতি সহানুভূতিশীল।ছবিটি প্রেক্ষাগৃৃহে গিয়ে দেখেছেন?না, সময় পাইনি। তবে ডাবিং করার সময় দেখেছিলাম। কাজটা ভালোই লেগেছিল।‘ফিরে এসো আবার’ নাটকে আপনি হুমায়ুন ফরীদির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন?করেছি, নাকি করিনি—তা নিয়েই কিন্তু নাটকের গল্প! আসলে আমি তাঁর স্ত্রী কি না, তা জানার জন্য নাটকটির শেষ দৃশ্য পর্যন্ত অপেক্ষা করতে হবে। গল্পটা এখনই বলতে চাচ্ছি না। নাটকে কাজ করার অভিজ্ঞতাটা বেশ মজার। ফরীদি ভাইয়ের (হুমায়ুন ফরীদি) সঙ্গে এর আগে চলচ্চিত্রে কাজ করেছি। কিন্তু নাটকে বোধ হয় এবারই কাজ করলাম। শুটিংয়ের সময় ছিল হাড়কাঁপানো শীত। হাত-পা জমে যেত। তখন ফরীদি ভাই কাছে বসিয়ে একগাদা হাসির গল্প বলতেন। হাসতে হাসতে পেটে খিল ধরে যেত। এখন নাটকে নিয়মিত অভিনয় করছেন?না। আগে বিশেষ দিনগুলোর জন্য কাজ করেছি। কিন্তু এখন তাও করতে চাই না। এবার ঈদেও কোনো নাটকে কাজ করার ইচ্ছে নেই। কারণ, টিভির পর্দায় ঘন ঘন আসতে চাচ্ছি না।এখন কী নিয়ে ব্যস্ত?ইফতেখার ফাহমীর টু বি কন্টিনিউড... ছবির কাজ করছি। আর সামনে দেবরের বিয়ে। তা নিয়ে একটু ব্যস্ত। দু-এক দিনের মধ্যেই চট্টগ্রামে যেতে হবে। সেখানেই বিয়ের অনুষ্ঠান। ওখানে ১৩ জুন পর্যন্ত থাকব। এর আগে এত লম্বা সময় চট্টগ্রামে থাকা হয়নি।