ঈদে পাঁচটির মধ্যে চারটি ছবিই সফল
অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকেরা। ঈদের পাঁচটি ছবির মধ্যে ব্যবসায়িক দিক থেকে সাফল্য পেয়েছে প্রিয়া আমার জান, বস নাম্বার ওয়ান, কিং খান ও প্রজাপতি ছবিগুলো। অন্যদিকে, ছোট সংসার ব্যবসায়িকভাবে সফল হয়নি।রোজার ঈদে শাকিব খান অভিনীত চলচ্চিত্রগুলো তেমন আশানুরূপ সাফল্য পায়নি। তবে এবারের চিত্রটি ছিল উল্টো। ঈদের দিন থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ছবির ফলাফরের ব্যাপারে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহের বুকিং এজেন্টদের কাছ থেকে জানা যায়, এবার ঈদে শাকিব অভিনীত তিনটি ছবির ব্যাপারে সর্বাধিক দর্শক আগ্রহ দেখিয়েছে।বুকিং এজেন্ট পাপ্পু বলেন, ‘ঈদের দিন থেকে বস নাম্বার ওয়ান ছবির প্রেক্ষাগৃহগুলো দর্শকপূর্ণ হচ্ছে। সিলেটে প্রথম কয়েক দিনে দর্শকদের যে ঢল নেমেছে, তাতে আমার বিনিয়োগের সম্পূর্ণ টাকা উঠে এসেছে।’ বুকিং এজেন্ট খোকন জানান, প্রিয়া আমার জান ছবি দেখার জন্য দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বুকিং এজেন্ট জাহাঙ্গীর জানান, এবার ঈদে তিনি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রজাপতি বাদে অন্য চারটি ছবিই প্রদর্শন করছেন। ঈদে শাকিবের তিনটি ছবিই ব্যবসায়িকভাবে সফল হয়েছে। কোথাও প্রিয়া আমার জান ভালো চলেছে, আবার কোথাও ভালো ব্যবসা করেছে কিং খান। বস নাম্বার ওয়ান ছবিটিও ভালো ব্যবসা করছে। বুকিং এজেন্ট নাদিমের মতে, কিং খান খুবই ভালো ব্যবসা করছে।ছোট সংসার ছবিটি প্রশংসিত হলেও, সিনেমা হলে দর্শক মিলছে না। মাত্র দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রজাপতি। স্টার সিনেপ্লেক্সে দর্শকদের ঢল নামে ঈদের দিন থেকে। একই চিত্র ছিল বলাকা প্রেক্ষাগৃহেও। সব মিলিয়ে এবারের ঈদের বেশির ভাগ ছবি ব্যবসায়িক সাফল্য পাওয়ায় নির্মাতাদের মধ্য থেকে হতাশা দূর হয়েছে।