ঈদে বাড়ি গেলে ঘরে তালা লাগিয়ে যাবেন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্তমানে দেশের কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না। চাঁদাবাজি ও ছিনতাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। বাজার-পরিস্থিতিও অনেক ভালো। সব মিলিয়ে দেশের অবস্থা খুব ভালো। রাস্তাঘাটের কিছুটা দুরবস্থা ছাড়া আর কোনো সমস্যা নেই।রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে সরবরাহ নিশ্চিত করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাহারা খাতুন সাংবাদিকদের এসব কথা বলেন। ঈদের ছুটিতে দেশের বাড়িতে গেলে অবশ্যই ঘরে তালা লাগিয়ে যাওয়ার জন্য রাজধানীর বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে ঢাকা শহরে র্যাবের দুই হাজার সদস্য টহল দিচ্ছেন। বাজার স্থিতিশীল করতে ১৪টি মনিটরিং টিম কাজ করছে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।