ঈদে বিশেষ ট্রেন কাল থেকে
বাংলাদেশ রেলওয়ে কাল শুক্রবার থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিস চালু করবে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ শাহজাহান আজ বৃহস্পতিবার এ কথা বলেছেন। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাত জোড়া ট্রেন বিভিন্ন গন্তব্যে ঈদের আগে তিন দিন এবং ঈদের পরের দ্বিতীয় থেকে সাত দিন পর্যন্ত চলাচল করবে।ঈদ উপলক্ষে বিশেষ ট্রেনগুলো হলো চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, চট্টগ্রাম-আখাউড়া-চট্টগ্রাম, দেওয়ানগঞ্জ-ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুর-ঢাকা এবং ঢাকা-খুলনা-ঢাকা। এ ছাড়া ঈদের দিন ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহের মধ্যে বিশেষ ট্রেন চলাচল করবে।রেলওয়ে সূত্র জানায়, গতকাল বুধবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে। বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি ঈদের আগে ও পরে আন্তনগর, মেইল ও এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।এদিকে বাংলাদেশ রেলওয়ে ঈদ-ফেরত যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে রাজশাহী, খুলনা, রংপুর ও দিনাজপুর স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে। রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক আমজাদ হোসেন বলেন, গতকাল থেকে ৬ নভেম্বর পর্যন্ত বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।সূত্র জানায়, ৯ নভেম্বরের যাত্রার টিকিট ২ নভেম্বর, ১০ নভেম্বরের টিকিট ৩ নভেম্বর, ১১ নভেম্বরের টিকিট ৪ নভেম্বর, ১২ নভেম্বরের টিকিট ৫ নভেম্বর এবং ১৩ নভেম্বরের টিকিট ৬ নভেম্বর পাওয়া যাবে। বাসস।