আসন্ন ঈদুল আজহার সময় লঞ্চমালিকেরা নির্ধারিত ভাড়ার বেশি নেবেন না। তাঁরা দূরপাল্লার লঞ্চের (১০০ কিলোমিটারের বেশি দূরত্ব) ডেক শ্রেণীর যাত্রীদের জন্য ১০ শতাংশ ভাড়া কম নেবেন। গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ ও ফেরি সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভার সিদ্ধান্ত জানিয়ে সরকারের তথ্য বিবরণীতে বলা হয়েছে, যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে লঞ্চ মালিক সমিতি অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা করবে। এ ছাড়া বিআইডব্লিউটিএর অনুমোদন সাপেক্ষে লঞ্চ পরিচালনার ব্যবস্থা করবে, প্রয়োজনে অধিক যাত্রী পরিবহনে লঞ্চ মালিকেরা ডাবল ট্রিপের ব্যবস্থা করবেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে সাংসদ নজরুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, মালিক সমিতির নেতা, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, সদরঘাট নৌ টার্মিনালের ওপর চাপ কমাতে পোস্তগোলার কাছে শ্মশানঘাট এলাকায় আরও একটি নৌ-টার্মিনাল স্থাপন করা হবে। মাওয়া ঘাটে লঞ্চযাত্রীদের চলাচলের সুবিধার্থে আগামী এক সপ্তাহের মধ্যে মাওয়া চৌরাস্তার কাছে লঞ্চঘাট সরিয়ে আনা হবে। কাওরাকান্দিতে যানজট নিরসনে আরও একটি পার্কিং ইয়ার্ড নির্মাণ করা হবে। যানজট এড়াতে ঈদের সময় ধলেশ্বরী সেতুর টোল আদায় দ্রুততর করতে স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।