মেঘলা আকাশ। ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও। এর মধ্যেই ঈদের আগাম পদধ্বনি শোনা গেল চট্টগ্রামে। প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজনে রমজান মাসের আগেই ঈদের আগমনী বার্তা ঘোষণা করল নুরজাহান-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা। ক্যাটওয়াকের ছন্দ ও নৃত্যের তালে তালে ঘোষণা করল ঈদের আগমনী বার্তা। গতকাল শনিবার সন্ধ্যায় নগরের জিইসি মোড়সংলগ্ন কে স্কয়ার মিলনায়তনে জমকালো এই ঈদ ফ্যাশনের আয়োজন করে প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রাম। প্রতিযোগিতায় ১২টি বিভাগে সেরা ডিজাইন হাউসগুলো পুরস্কার পায়।অভিনয়শিল্পী অপি করিম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অপি করিম বলেন, ‘আগেও এই প্রতিযোগিতা দেখতে এসেছি। চট্টগ্রামকে ভালো লাগে। তাই বারবার ছুটে আসি। দেশের ফ্যাশন ডিজাইনাররা আজ অনেক দূর এগিয়ে গেছেন। তাঁরা দেশের কাপড় পরতে আমাদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন।’ আঁখির উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, প্রথম আলোর এই ফ্যাশন প্রতিযোগিতা ১৪ বছর ধরে দেশীয় পোশাককে দেশে ও বিদেশে পরিচিত করার প্রচেষ্টা চালিয়ে গেছে। এতে অনেকটাই সফল চট্টগ্রামের ডিজাইনাররা। চট্টগ্রামের অনেক ফ্যাশন হাউস এখন দেশব্যাপী নামকরা ব্র্যান্ডে পরিণত হয়েছে। স্পনসর প্রতিষ্ঠান নুরজাহান গ্রুপের উপমহাব্যবস্থাপক কাজী মোতাহের হোসেন বলেন, ‘প্রতিযোগিতাটির সঙ্গে আমরা নিজেদের যুক্ত করতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ১৪ বছর ধরে প্রথম আলো কৃতিত্বের সঙ্গে এই কাজটি করে যাচ্ছে। শাড়ি, সালোয়ার-কামিজ, টি-শার্ট পরা তরুণ-তরুণীদের ক্যাটওয়াকের পাশাপাশি ঢাকা থেকে আগত নাচের দল ঈগলসের পরিবেশনা সবার নজর কেড়েছে। নাচ ও কোরিওগ্রাফির মাধ্যমে তাঁরা মাতিয়ে রাখেন দর্শকদের। তবে সবাইকে ছাপিয়ে গেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) জয়ধ্বনির সদস্যদের মূকাভিনয়। তাঁরা মূকাভিনয়ের মধ্য দিয়ে মোবাইল ফোনের অপব্যবহারের বিষয়টি তুলে ধরেন। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ইত্যাদির পাশাপাশি ছিল যুগল পোশাকের প্রদর্শনীও। ঈদের সবচেয়ে প্রধান অনুষঙ্গ পাঞ্জাবির প্রদর্শনীও ছিল। বিখ্যাত মডেলরা এসব পোশাক পরে প্রদর্শন করেন। তবে বিখ্যাত মডেলদের ক্যাটওয়াক ছাপিয়ে আকর্ষণীয় হয়ে উঠেছিল শিশুদের ক্যাটওয়াক। ‘ও নদী রে তুই যাস কোথায় রে’ গানের সঙ্গে ১০ শিশু মঞ্চে প্রবেশ করলে দর্শকেরা করতালি দিয়ে স্বাগত জানান তাদের। হেলেদুলে ফোকলা দাঁতের হাসি দিয়ে শিশু মডেলরা মঞ্চ কাঁপিয়ে যায়। প্রতিযোগিতার বিচারক ছিলেন ফ্যাশন ডিজাইনার মোহছেনা কোরাইশী, এইচ এম ইলিয়াস, নুর-এ জান্নাত, লুৎফা সানজিদা ও সুলতানা নুরজাহান। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। রূপচর্চা সহযোগী ছিল পারসোনা। কোরিওগ্রাফার ছিলেন লুনা। শিশুদের কোরিওগ্রাফার ছিলেন অনন্য বড়ুয়া।যেসব ফ্যাশন হাউস পুরস্কার পেয়েছে: এবারের প্রতিযোগিতার ১২টি বিভাগে চট্টগ্রামের মোট ৬৫টি বুটিক হাউস অংশ নেয়। শাড়ি ক বিভাগে প্রথম হয়েছে তুলিস ক্রিয়েশান। দ্বিতীয় পুরস্কার পায় জত্রিতা বুটিকস হাউস। যুগ্মভাবে তৃতীয় হয়েছে তুলিস ক্রিয়েশান এবং ফ্যাশন মেক্স। পাঞ্জাবিতে প্রথম পুরস্কার পায় নক্ষত্র। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ময়ূরাক্ষী ও নক্ষত্র। টি-শার্ট বিভাগে প্রথম ও দ্বিতীয় হয় যথাক্রমে নক্ষত্র ও বাংলার কথা। যুগ্মভাবে তৃতীয় হয়েছে নক্ষত্র ও অরণি ফ্যাশন হাউস। শাড়ি গ বিভাগে নিহালস ওয়ার্ডরোব প্রথম, বাংলার কথা দ্বিতীয়, যুগ্মভাবে তৃতীয় হয় চামেলিস ও সাম্পান। শাড়ি খ বিভাগে প্রথম পুরস্কার পায় চামেলিস। যুগ্মভাবে দ্বিতীয় হয় জত্রিতা ও বার্নি। তৃতীয় পুরস্কার পায় নিহালস ও জত্রিতা। সালোয়ার-কামিজ (ক) বিভাগে প্রথম হয় হানিভিউ ফ্যাশন হাউস। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে ময়ূরাক্ষী ও সাফি’স ডিজাইন কালেকশন। সালোয়ার কামিজ (খ) বিভাগে প্রথম নক্ষত্র, যৌথভাবে দ্বিতীয় হয় বার্নি ও নৈ। তৃতীয় হয় ইলু ফ্যাশন। ফতুয়া ছেলেদের বিভাগে তিনটি পুরস্কারই পেয়েছে নক্ষত্র। ফতুয়া মেয়েদের বিভাগে প্রথম হয়েছে নিহালস ওয়ার্ডরোব। দ্বিতীয় হয় নক্ষত্র। যৌথভাবে তৃতীয় হয় জত্রিতা ও ভ্যালিন্ডা। ফিউশান ছেলে ও মেয়ে বিভাগে সুই সুতা প্রথম, নাজনীন বুটিকস দ্বিতীয় ও নিহালস তৃতীয় হয়। যুগল পোশাকে প্রথম হয় বাংলার কথা। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে বার্নি ও লায়লা বুটিকস। শিশুদের বিভাগে প্রথম হয় আর এস জোনাকী ফ্যাশন। দ্বিতীয় ও তৃতীয় হয় এবি ক্রিয়েশান ও ময়ূরাক্ষী। সেরাদের সেরা নির্বাচিত হয়েছে নক্ষত্র।