রোজার শেষ মুহূর্তে এসে আরেক দফা বাড়ল সবজির দাম। গত চার-পাঁচ দিনে বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কেজিপ্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা।সবজি বিক্রেতা ও আড়তদারেরা দাম বাড়ানোর জন্য সেই একই অজুহাত দিচ্ছেন। তা হচ্ছে, বৃষ্টির কারণে ফলন নষ্ট হয়েছে এবং রাস্তা ভালো না থাকায় সবজিবাহী ট্রাক আসতে দেরি হচ্ছে। এ কারণে সরবরাহ কম। তাই বেশি দাম নিচ্ছেন তাঁরা।গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজার, পলাশী, হাতিরপুল, মোহাম্মদপুর টাউন হল মার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সব সবজিরই দাম চড়া। করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। চার-পাঁচ দিন আগেও এর দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। ঢ্যাঁড়সের কেজি অন্তত ২০ টাকা বেড়ে ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। পটোলও ১৫ টাকা বেড়ে ৫০ থেকে ৫৫ টাকা হয়েছে। বরবটি ও ঝিঙে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। এসব সবজি এক সপ্তাহ আগে বিক্রি হতো ৫০ থেকে ৬০ টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম। মানভেদে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত তা বিক্রি হচ্ছে। আলুর দাম ১৪ থেকে ১৬ টাকা। গাজর বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। দুই সপ্তাহ আগেও গাজর ছিল ৫০ টাকা কেজি। এক সপ্তাহ ধরে স্থির আছে টমেটো আর শসার দাম। টমেটো ৮০ আর শসা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সপ্তাহ খানেক আগে টমেটো ৭০ আর শসা ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। এবার সবচেয়ে বেশি অস্থির ছিল কাঁচা মরিচের দাম। মাসের শুরুতে এই মরিচ বিক্রি হয় ৮০ টাকায়। তিন দিন পর তা বেড়ে হয় ১০০ টাকা। এর চার দিন পর কাঁচা মরিচ বিক্রি হয় ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। পরে তা ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত ওঠে। তবে গত কয়েক দিন ১৫০ টাকায় বিক্রি হলেও আবারও কাঁচা মরিচের দাম ২০০ টাকা কেজি।নিউমার্কেটে বাজার করতে আসা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আনিসুর রহমান বলেন, বাইরে টাঙানো মূল্যতালিকার সঙ্গে বিক্রি হওয়া দামের কোনো মিলই নেই। একই অভিযোগ হাতিরপুল বাজারে আসা গৃহিণী ঝর্ণা রহমানেরও। তিনি বলেন, রোজার শুরুতে বিক্রেতারা বলেছিলেন, শুরুর দিকে সবজির দাম একটু বেশিই থাকে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু রমজানের শেষে অবস্থা আরও ভয়াবহ হয়েছে।মাছের দাম কমছে না: অনেক মানুষ ইতিমধ্যে ঢাকা ছাড়ায় মাছের বাজারে ক্রেতা কমে গেছে। তাতে অবশ্য মাছের দামের কোনো হেরফের হয়নি। এখনো বিক্রি হচ্ছে চড়া দামে। মাঝারি আকারের এক জোড়া ইলিশ এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পাঙাশ ১১০ থেকে ১৩০, কই ১৮০ থেকে ২০০, টাকি ১৫০ থেকে ১৮০, সরপুঁটি ১৮০ থেকে ২২০, তেলাপিয়া ১১০ থেকে ১৪০, বড় রুই ৩৫০ থেকে ৪০০, কাতলা মাছ ৪০০, কাঁচকি ৩০০, আইড় ৫০০, মাগুর ও শিং ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।বেড়েছে মুরগির দাম: গতকাল ব্রয়লার মুরগির দামও বেড়েছে। এই মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। ছয়-সাত শ গ্রাম ওজনের দেশি মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকায়। এক হালি ডিম বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৬ টাকায়।রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল গরুর মাংস সরকার-নির্ধারিত ২৭০ টাকায় বিক্রি হয়েছে। তবে খাসির দাম এখনো বেশি রাখছেন বিক্রেতারা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৪০ টাকায়।