ঈদের আগে টুপি আর সুগন্ধির বাজারে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরেক রকম টুপি। কোনোটি এক রঙের, কোনোটি বর্ণিল নকশায় সজ্জিত। শুধু দেশের নয়, বিদেশেরও অনেক টুপি রয়েছে। দাম ২০ টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত। টুপি কিনতে আসছে নানা বয়সী মানুষ। কিশোর-তরুণ থেকে ষাটোর্ধ্ব পর্যন্ত। ঈদের নানা কেনাকাটার মর্যাদাই আলাদা। নতুন পাজামা-পাঞ্জাবির সঙ্গে চাই একটা নতুন টুপি। সঙ্গে একটুখানি সুগন্ধি। আর তাই গতকাল মাহে রমজানের শেষ শুক্রবার ভিড় জমেছিল বায়তুল মোকাররম এলাকায় টুপি আর সুগন্ধির দোকানগুলোতে। টুপি ক্রেতা মো. আলাউদ্দিন বলেন, ‘এটা আমাদের সবচেয়ে বড় উৎসব। ঈদের নতুন পাজামা-পাঞ্জাবি কিনেছি। নতুন টুপি না হলে তো আর চলে না। তাই বায়তুল মোকাররমের সামনে টুপি কিনতে এলাম। এখানেই সবচেয়ে ভালো টুপি পাওয়া যায়।’বাজার ঘুরে দেখা গেল, ক্রেতারা টুপি আর সুগন্ধি বাছাইয়ে ব্যস্ত। বাজারের সবচেয়ে ভালো টুপিটা খুঁজছেন অনেকে। কেউ সাদা টুপিতে সাদা সুতার কাজের টুপি পছন্দ করছেন, কেউবা বর্ণিল নকশার টুপির খোঁজে ঘুরছেন দোকানে দোকানে। রমজানের শেষ শুক্রবার জুমার নামাজ পড়তে এসে অনেকেই যান টুপির বাজারে। ঈদের আগমুহূর্তে বিক্রিও বেশ ভালো। দাম একটু কম হলেও বেশি সংখ্যক টুপি বিক্রি করতে চান তাঁরা। বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এবার ঈদের বাজারে সবচেয়ে দামি টুপি বিক্রি হয়েছে সাড়ে তিন হাজার টাকায়। ওমানের তৈরি বলে এটি ‘ওমানি টুপি’ নামে পরিচিত। তবে বেশি বিক্রি হয়েছে ২০ থেকে ৩০০ টাকা দামের টুপি। সাধারণ টুপি ছাড়াও বাজারে রয়েছে মালয়েশিয়ান টুপি, হাজি টুপি, কিস্তি টুপি, জালি টুপি, জিন্নাহ টুপি, লিয়াকত টুপিসহ নানা ধরনের টুপি। দেশের টুপি ছাড়াও চীন, পাকিস্তান, ওমান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশের টুপি রয়েছে বাজারে। টুপি তৈরির দেশীয় বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলিফ, আল-ফারুক, হাসিব ও নসিবের তৈরি টুপি বিভিন্ন দেশে রপ্তানি হয়। দেশের বাজারের প্রতি নজর কম তাঁদের।জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণে প্রায় ২০ বছর ধরে টুপি বিক্রি করেন দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘ঈদ সামনে রেখে টুপির বাজার ভালো। ১০ রমজান থেকে ঈদের টুপি বিক্রি শুরু হয়। তবে বিক্রি বাড়ে শেষ ছয়-সাত দিনে। দেশি-বিদেশি নানা দাম ও নকশার টুপি থাকলেও সাধারণত ২০ থেকে ১০০ টাকা দামের টুপিই সবচেয়ে বেশি বিক্রি হয়।’টুপির বাজারের সঙ্গে বেচাকেনা চলে সুগন্ধির। বিক্রেতারা জানান, ঈদ সামনে রেখে সুগন্ধির ব্যবহার বেড়েছে। বায়তুল মোকাররম মসজিদের সামনে নয় বছর ধরে সুগন্ধি বিক্রি করেন রবিউল ইসলাম। তিনি জানান, আগে ২০ থেকে ২৫ ধরনের সুগন্ধি বিক্রি হলেও এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ থেকে ১৫০। বিদেশের সুগন্ধির পাশাপাশি দেশেও অনেক প্রতিষ্ঠান সুগন্ধি তৈরি করছে। বাজারে প্রচলিত সুগন্ধিগুলোর মধ্যে ক্যাটস আই, রেডিয়ান, জাপানি ফাইবার উল্লেখযোগ্য।