ঈদের আগে নলছিটিতে আস্তানা গাড়েন ‘তাআমীর উদ-দীনের’ মশিউর
জঙ্গি সংগঠন তাআমীর উদ-দীনের অন্যতম সংগঠক মশিউর রহমান ওরফে মিলন মাদারীপুর ও গোপালগঞ্জ থেকে সহযোগীদের নিয়ে ঈদের পাঁচ দিন আগে ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর কওমি মাদ্রাসায় আস্তানা গাড়েন।কারাবন্দী জঙ্গি নেতা মুফতি আবদুর রউফের অনুসারীরা পুনরায় সংগঠিত হচ্ছে বলে পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তর থেকে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে ওই মাদ্রাসা ও সংলগ্ন মসজিদে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মশিউর রহমানসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি পুরোনো জং ধরা গ্রেনেড, চারটি রামদা, কয়েকটি পুস্তিকা, কম্পিউটার কম্পোজ করা সাংগঠনিক নির্দেশিকা ও আটটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়।প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, আটক হওয়ার আগ পর্যন্ত মশিউর বরিশাল শহরের কাশিপুরের একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। সেখানে দরজা-জানালায় অ্যালুমুনিয়াম লাগানোর কাজের আড়ালে তাআমীর উদ-দীনকে সংগঠিত করার কার্যক্রম চালাতেন। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া মুফতি মো. জুবায়ের হলেন মশিউরের শ্যালক। জুবায়ের চট্টগ্রামের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। এদিকে কামদেবপুর কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল খালেককে পুলিশ এখনো খুঁজে পায়নি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান বলেন, মশিউরের স্থানীয় আশ্রয়দাতা মাওলানা আবদুল খালেককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।গতকাল শুক্রবার বিকেলে নলছিটি উপজেলার নাচনমহল বাজারের পশ্চিমে মশিউরের গ্রামের বাড়িতে গিয়ে তাঁর ছোট ভাই রাসেল মাহমুদ ও মা রাবেয়া বেগমকে পাওয়া যায়। তাঁরা জানান, মশিউরের বাবা কদম আলী তালুকদার ভূমি অফিসের এমএলএসএস (পিয়ন) ছিলেন। তিনি বছর দশেক আগে পানিতে ডুবে মারা যান। ছোট ভাই রাসেল মাহমুদ বলেন, মশিউর মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। স্ত্রীকে নিয়ে তিনি ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে থাকতেন। দুই-তিন বছর ধরে মশিউর দুই-তিন মাস পরপর এলাকায় আসা শুরু করেন। সর্বশেষ ঈদের আগের দিন শ্যালক জুবায়েরকে নিয়ে বাড়িতে আসেন মশিউর। মশিউরের চাচাতো চাচা সাহেব আলী তালুকদার বলেন, ‘মশিউর বেশির ভাগ সময় এদিক-ওদিক থাহে। মাঝেমধ্যে দুই-একজন সঙ্গিসহ বাড়িতে আসে, দুই-এক দিন থাইক্যা চইল্লা যায়। লগে কারা জানতে চাইলে কয় বন্ধু।’