ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
ঈদের আগে পোশাকশ্রমিকদের শত ভাগ বেতন-বোনাস ও অতিরিক্ত কাজের মজুরিসহ সব পাওনা দিতে পোশাকশিল্পের মালিকদের বলেছেন শ্রমমন্ত্রী মোশাররফ হোসেন। আজ রোববার শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পোশাকশ্রমিকদের বেতন-বোনাসসংক্রান্ত এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও বেতন-বোনাস দেবে না, তাদের বিরুদ্ধে পোশাকশ্রমিক সংগঠনগুলো ব্যবস্থা নেবে। আর তারাও যদি ব্যর্থ হয় তাহলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।এ ছাড়া যেসব মালিক আর্থিক অসচ্ছলতার কারণে তাদের শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারবে না, তাদের সহায়তা করবে সরকার।বিভিন্ন সময় ঈদের আগে গাজীপুর, নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ বিভিন্ন জায়গায় বেতন-বোনাসের দাবিতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে দেখা গেছে। এবার যেন এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে বেতন-বোনাস না পেয়ে পোশাকশ্রমিকেরা যদি রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেন মন্ত্রী।