ঈদের আগে চট্টগ্রামে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা। সম্প্রতি কারাগার থেকে জামিনে বেরিয়ে অনেক সন্ত্রাসী ছিনতাইকাজে জড়িয়ে পড়েছে। আবার বাইরে থেকে ছিনতাইকারীরা চট্টগ্রামে এসেছে। ছিনতাইকারীদের প্রতিরোধ করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের সদস্য। এ অবস্থায় নগরে র্যাব-পুলিশের টহল জোরদার করা রয়েছে।নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘নগরের আগ্রাবাদ মোড়, আগ্রাবাদ এক্সেস সড়ক, ছোটপুল, বড়পুল, হালিশহর, কাস্টমস সেতু, বন্দর ফটক, ইপিজেড, অলংকার, টাইগারপাস, সিআরবি, পুরোনো স্টেশন, নতুন স্টেশনের মুখ, নিউমার্কেট, কোতোয়ালি, লালদীঘির পাড়, প্রবর্তক, কাতালগঞ্জ, ষোলশহর, জিইসির মোড়সহ ৮১টি পয়েন্টে ছিনতাই হয় বেশি। বিষয়টি মাথায় রেখে আমরা পুলিশ টহল জোরদার করেছি।’পুলিশ ও কারাগার সূত্র জানায়, গত তিন মাসে ছিনতাই মামলার ৫৮ আসামি জামিনে মুক্তি পেয়েছে। এ ছাড়া ডাকাতি মামলায় ৮১ জন এবং চুরির মামলায় ৫৩১ জন জামিন পায়। চুরি ও ডাকাতি মামলার এমন কিছু আসামি আছে, যারা ছিনতাইয়ের সঙ্গেও জড়িত।পুলিশ জানায়, ঈদের আগে ঢাকা, বরিশাল, ভোলা ও নোয়াখালী থেকে কয়েকটি চক্র নগরের বিভিন্ন আবাসিক হোটেলে উঠেছে। এরা আগে বিভিন্ন বিপণিবিতান ও ব্যাংক-বিমা পর্যবেক্ষণ করে। এরপর ছিনতাই শুরু করে।সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে ঈদের আগে বাইরে থেকে ছিনতাইকারীরা চট্টগ্রাম আসে। প্রায় দুই বছর আগে মোহাম্মদ রিপন, নুর মোহাম্মদ, মোহাম্মদ আলম ও সোহাগ একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে চট্টগ্রাম এসেছিল। মরিচের গুঁড়া ও কামরাঙা মরিচসহ তাদের আটক করা হয়েছিল। তখন তারা পুলিশকে জানিয়েছিল, ঈদ সামনে রেখে ৮-১০ বছর ধরে কয়েকটি চক্রের ২০-২২ জন ঢাকা থেকে চট্টগ্রামে ছিনতাই করতে আসে।নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার অনিন্দিতা বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে পেশাদার ছিনতাইকারীরা চট্টগ্রামে এসে বিভিন্ন আবাসিক হোটেলে ওঠে। এ রকম তথ্য আমাদের কাছে আছে। তাই আবাসিক হোটেলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।’পুলিশ জানায়, ঈদ সামনে রেখে নগরের বিভিন্ন মোড়ে ছিনতাই বেড়েছে। দেড় মাসে ৩৮টি ছিনতাইয়ের ঘটনা নথিভুক্ত হয়েছে। গত সোমবার রাতে নগরের জাকির হোসেন সড়কে ব্যবসায়ী আনিসুর রহমানের ১০ লাখ টাকা ছিনতাই হয়। ওই দিন সন্ধ্যায় নগরের সিআরবি মোড়ে গণছিনতাই হচ্ছে খবর পেয়ে পুলিশ ছিনতাইকারীকে ধাওয়া করে। এ সময় একজন ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের সদস্য সুজন বড়ুয়া আহত হন। এর আগে গত ২০ জুলাই চাকরির আশায় চট্টগ্রামে এসে ছিনতাইকারীদের হাতে খুন হন লক্ষ্মীপুরের যুবক মোহাম্মদ আলমগীর। এ ঘটনায় ছোরাসহ শাহ আলম, মোহাম্মদ রাসেল, সুজন কুমার দাস ও জহিরউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। রাসেল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, বন্দর এলাকায় কয়েকটি ছিনতাইকারী চক্র সক্রিয়। আলমগীরের খুনের সঙ্গে জড়িত চারজনই পেশাদার ছিনতাইকারী। মাদকের টাকা জোগাড় করতে ওরা তাঁকে খুন করে।গত রোববার হাতকড়া ও ছোরাসহ ভুয়া গোয়েন্দা পুলিশের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি কারাগার থেকে বেরিয়ে এই তিনজন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তাদের দলনেতা হাকিম পুলিশ। ডবলমুরিং থানায় কনস্টেবল হিসেবে কর্মরত অবস্থায় তাঁর বিরুদ্ধে ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তিনি চাকরি হারান। এরপর তিনি ছিনতাইয়ে জড়িয়ে পড়েন।এ ছাড়া গত ১৯ জুলাই ছিনতাইকারী চক্রের চার সদস্য ছয়টি ছোরা, একটি কিরিচসহ গ্রেপ্তার হয়। এরা হলো একরাম, বাচ্চু, নজরুল ইসলাম ও শাহাদাৎ হোসেন। ইপিজেড মোড় থেকে কাস্টমস পর্যন্ত সড়কে ছিনতাই করে তারা। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।