ঈদের আগে রূপের হাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের কেনাকাটা প্রায় শেষ। এখন বিউটি পারলারগুলোর দিকে ছুটছে নগরবাসী। কেননা ঈদের দিন প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সঙ্গে দেখা হবে। নতুন ঝলমলে পোশাকের সঙ্গে নিজের হাত, পা, মুখ মলিন থাকলে ঈদটাই মাটি হয়ে যাবে। নিজেকে সাজানোর উৎসবে নারীদের পাশাপাশি পুরুষেরাও সমানতালে অংশ নিচ্ছেন। শিশুরাও বাদ যাচ্ছে না। মা, বোন, খালাদের হাত ধরে তারা পারলারে যাচ্ছে।গত মঙ্গলবার সরকারি ছুটির দিনটি সাজগোজের কাজে লাগায় অনেকে। তবে কর্মজীবী নারী-পুরুষদের ছুটির দিনটি পারলারেই শেষ হয়ে যাওয়ায় তাঁদের কিছুটা আফসোসও করতে দেখা গেল।ধানমন্ডির ২৭ নম্বরে পারসোনায় ছিল উপচে পড়া ভিড়। চুল কাটা, ফেসিয়াল, স্পা করতে আসা নারীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। মঙ্গলবার পারসোনার অফিস ও স্টুডিও বলে আলাদা কিছু ছিল না। অফিসে কর্মরতদের নির্ধারিত চেয়ার, মোড়া দিয়েও কাস্টমারদের বসার ব্যবস্থা করা যাচ্ছিল না। যাকে যেখানে বসানো গেছে, সেখানেই চাহিদামাফিক পেডিকিউর, ম্যানিকিউর করে দিচ্ছিলেন পারসোনার কর্মীরা।এখানকার স্পার এক্সিকিউটিভ লিপি বলেন, ক্লায়েন্টদের তিন ঘণ্টার মতো অপেক্ষা করতে হচ্ছে। বিকেল তিনটার দিকে এখানে কথা হয় রায়েরবাজার থেকে আসা গৃহিণী নাইসের সঙ্গে। তিনি জানালেন, দুপুর ১২টায় স্পা করার জন্য সিরিয়াল দিয়েছেন। মোহাম্মদপুরের গৃহিণী মোশায়েদা খানম জানালেন, দেড় ঘণ্টা আগে সিরিয়াল দিয়ে বাইরে গিয়ে অন্য কাজ শেষ করে এসেছেন। একজন ফোনে বলছিলেন, ‘আমার সামনে কমপক্ষে ৫০ জনের লাইন, ইফতারের সময়ও মনে হচ্ছে আমার নাম আসবে না।’ এক-দুই ঘণ্টা অপেক্ষা করে অনেকে হতাশ হয়ে বাড়িও ফিরে যাচ্ছিলেন। পারসোনার কর্মীরা ইফতারের পর, না হলে খুব সকালে আসার জন্য পরামর্শ দিচ্ছিলেন।পারসোনার কর্ণধার কানিজ আলমাস খান প্রথম আলোকে জানান, ঈদ উৎসবে সবার সঙ্গে দেখা হয়। তাই সবাই চান নিজেকে একটু সুন্দর দেখাক। এ জন্য ঈদের আগের কয়েক দিনের ভিড় সামলাতে তাঁদের রীতিমতো হিমশিম খেতে হয়। হাত, পা থেকে শুরু করে পুরো শরীর সুন্দর করার জন্য বিভিন্ন পারলারে আছে হরেক রকমের আয়োজন। যার যার ত্বকের ধরন বুঝে রোদে পোড়া ভাব দূর করতে বা ত্বক উজ্জ্বল করার জন্য অরেঞ্জ, ডিপক্লিন, অ্যালোভেরা, ভেজিটেবল পিল, সিলভার ডাস পলিশ, গোল্ডেন ডাস পলিশ, অ্যান্টি ডায়িং স্কিন পলিশ, অক্সিজেন, পিগমেন্টেশন, ফ্রুট ফেসিয়ালসহ বিভিন্ন নামের ফেসিয়াল করছেন। চুল সাজানোর জন্যও আছে বাহারি আয়োজন। লাল, বাদামি, ছাই, সবুজ, নীল বা সোনালি রঙে চুল সাজাচ্ছেন তরুণীরা।পারসোনার এক্সিকিউটিভ শ্যামা জানালেন, আসল চুলের সঙ্গে নকল চুল লাগানো, চুলে রিবন ও স্টোন বসানো, কালার শাইনিং রিবন্ডিং, পেইন্ট করা, আলগা নখ লাগানোর ফ্যাশন বেশি চলছে। হাত ও পায়ে মেহেদি লাগানো ঈদের সাজে অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। মঙ্গলবার ধানমন্ডির পারসোনা অ্যাডামস কিছুটা ফাঁকা ছিল। নাভানা গ্রুপের সহকারী ব্যবস্থাপক (গ্রুপ মার্কেটিং) তৈমুর জাকেরিন চুল কাটা, হট অ্যান্ড অয়েল থেরাপি ও ফেসিয়ালের জন্য এসেছেন বলে জানালেন। তাঁর ফেসিয়াল মূলত ঈদের জন্যই করা। তৈমুর জানালেন, মুঠোফোন কোম্পানি ওয়ারিদে কর্মরত স্ত্রীও পারসোনায় এসেছেন। পারসোনা অ্যাডামসের সহকারী ব্যবস্থাপক মাসুম বিল্লাহ খান জানালেন, ছেলেদের ছোট চুলের জন্য স্পাইক, লম্বা চুলের জন্য লেয়ার কাট, বেকহাম কাটগুলো বেশি চলছে। মিরপুর রোডের অরচার্ড পয়েন্টে মা ও খালার সঙ্গে ঈদের কেনাকাটা করতে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিতির কেনাকাটার ফাঁকে লি বিউটি পারলার থেকে চুল কাটার কাজটিও শেষ করেন।তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ী আসমা রাহাদ শখ করেই আরিসা বিউটি কেয়ার অ্যান্ড বুটিকস দিয়েছেন ধানমন্ডির সড়ক ৮/এ নম্বরে। আসমা বলেন, বর্তমানে বুটিকে ভিড় কমছে আর বিউটি কেয়ারে ভিড় বাড়ছে। তিনি জানালেন, রোজার শুরু থেকেই তাঁর বুটিক ও বিউটি কেয়ারে ঈদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়। টিনএজারদের জন্য অয়েল ম্যাসেজ, ফেসক্লিন ও পেডিকিউরের ৫০০ টাকার প্যাকেজ আছে। বুটিকে নির্দিষ্ট মূল্যের কাপড় কিনলেও ক্রেতারা বিউটি কেয়ারে বিভিন্ন সুযোগ-সুবিধা বিনা মূল্যে পাচ্ছেন। মোহাম্মদপুর শেখের টেক দুই নম্বরে হাজং বিউটি পারলারসহ অলিগলিতে গড়ে ওঠা পারলারগুলোয়ও নিজেকে সাজানোর কাজটি সেরে নিতে অনেককে দেখা গেল।ধানমন্ডির বাসিন্দা নুসরাত জানালেন, তাঁর মেয়ের বয়স ছয় মাসও হয়নি। এবার মেয়ে দাদির বাড়িতে ঈদ করতে যাবে। মেয়েকে দেখার সঙ্গে সঙ্গে সবাই মেয়ের মাকেও দেখবে। তাই ফেসিয়াল ও চুল কাটার জন্য তাঁকে পারলারে যেতেই হবে। নগরের বিউটি পারলারগুলো সাজানোর কাজটি করবে চাঁদরাত পর্যন্ত।