ঈদের আগেই সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। এর মধ্যে তাদের গ্রেপ্তার না করা হলে ঈদের পর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তাঁরা।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআইইউ) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকেরা গত ফেব্রুয়ারি থেকে যে আন্দোলন করে আসছেন, তা অব্যাহত থাকবে। ঈদের আগেই সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার না করা হলে ঈদের পর বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি।সাংবাদিকদের মধ্যে কেউ কেউ এই আন্দোলনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন উল্লেখ করে ইকবাল সোবহান চৌধুরী বলেন, এসব করে লাভ হবে না। এর আগে যাঁরা এ ধরনের কর্মকাণ্ড করেছেন, তাঁরা ইতিহাসের আঁঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছেন।এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান গতকাল যে বিবৃতি দিয়েছেন, সে প্রসঙ্গে এই সাংবাদিক নেতা বলেন, ‘মাহফুজুর রহমান দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা তাঁকে স্বাগত জানাই। তবে এই বক্তব্যের প্রতিফলন আমরা তাঁর মালিকানাধীন দুটি টেলিভিশন চ্যানেলে দেখতে চাই। আমরা দেখতে চাই যে এটা শুধু তাঁর বিবৃতি নয়, মনের কথাও।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, আবদুস শহীদ ও ওমর ফারুক।