ঈদের আগে হকারদের উচ্ছেদ করা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ নভেম্বর থেকে রাজধানীর ফুটপাত ও সড়ক থেকে হকার উচ্ছেদের কথা থাকলেও সে অবস্থান থেকে সরে এসেছে সরকার। আপাতত ঈদের আগ পর্যন্ত ঢাকা মহানগরের কোনো স্থান থেকে হকার উচ্ছেদ করা হবে না। ঈদের পরও এ অভিযান চলবে কি না, তাও নিশ্চিত করতে পারেনি সরকার।ঢাকা মহানগরকে যানজট মুক্ত করতে ডাকা আন্তমন্ত্রণালয় সভায় গতকাল বিকেলে হকারদের উচ্ছেদ না করার বিষয়ে আলোচনা হয়। পরে সেটি জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে হকারদের উচ্ছেদ না করার সিদ্ধান্ত হয়।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সচিব ছাড়াও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে জানান, ঈদের পর সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে হকার সরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত হকার সরানোর সিদ্ধান্ত স্থগিত থাকছে।এর আগে নতুন কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় ঢাকা মহানগরকে যানজট মুক্ত করতে ডাকা আন্তমন্ত্রণালয় সভা। যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সভায় নৌপরিবহনমন্ত্রী শাহাজান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাংসদ রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার ও সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাস মালিক সমিতি, হকার্স সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।ওই বৈঠকে হকার্স সংগঠনের পক্ষ থেকে ঈদের আগে হকার উচ্ছেদের নামে যত্রতত্র অভিযান না চালানোর অনুরোধ জানানো হয়। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হকারদের জন্য আলাদা বসার জায়গা না করে তাদের সরানো ঠিক হবে না। তিনি বলেন, যত্রতত্র গাড়ি পার্কিং রাস্তাকে সংকুচিত করে যানজট সৃষ্টি করছে বেশি। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।সাংসদ হাসানুল হক ইনু বলেন, নিম্নবিত্তের অর্থনৈতিক কর্মকাণ্ড চালিত হয় হকারদের মাধ্যমে। সুতরাং ঈদের আগেভাগে তাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক হবে না। এ কাজে হকার, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় হকার উচ্ছেদের পরিণতি ভালো হয়নি।সাংসদ রাশেদ খান মেনন বলেন, যেখানে হকার থাকে তার তুলনায় ভিআইপি সড়কে এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যানজট বেশি থাকে। তিনি বলেন, সামনে ডিসিসি নির্বাচন। এমনিতেই বিদ্যুৎ, পানি নিয়ে সমস্যা চলছে। বাইরে বের হওয়া কঠিন। সাংসদ মেনন বলেন, ইতিমধ্যে শাহবাগ, ফার্মগেট, পরীবাগ ও শিল্পকলা একাডেমীর সামনে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অথচ ঘটনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না বলে তাঁকে জানানো হয়েছে। কিন্তু অভিযানে সর্বত্রই পুলিশ ছিল। তিনি বলেন, কোনো হকার্স মার্কেটে হকার থাকে না। থাকে ‘আমাদের মতো মানুষ’। তাই হকারদের জন্য অঞ্চল ভাগ করে একেক দিন একেক জায়গায় হকার বসার দিন ঠিক করার প্রস্তাব দেন তিনি। দোকান বন্ধের এ ধরনের সিদ্ধান্ত ভালো ফল দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, হকারের সঙ্গে যানজটের কোনো সম্পর্ক নেই।বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় সড়ক নিরাপত্তা পরিষদের ৩৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী হকারদের উচ্ছেদের কথা ছিল। প্রথমে শাহবাগ ও ফার্মগেট থেকে হকারদের উচ্ছেদের কথা ছিল। কিন্তু হকারদের অনুরোধে ঈদের আগ পর্যন্ত তাদের উচ্ছেদ না করার সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। মন্ত্রী বলেন, পুনর্বাসন না করে হকারদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে না।যোগাযোগমন্ত্রী বলেন, ১ নভেম্বর থেকে মোটরসাইকেল চালক ও সব আরোহীকে হেলমেট ব্যবহার করতে হবে। গাড়ির চালক ও সামনের আসনের আরোহীকে সিট বেল্ট পরতে হবে। গাড়ি চালানো অবস্থায় মোবাইল চালানো যাবে না। ফুটপাত ও ওভারব্রিজ থাকলে কেউ রাস্তা দিয়ে পারাপার করতে পারবেন না। যারা এসব সিদ্ধান্ত মানবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।