ঈদের আগেই জাতীয় গ্রিডে পাঁচ কোটি ঘনফুট গ্যাস
ঈদের আগেই জাতীয় গ্রিডে আসছে আরও পাঁচ কোটি ঘনফুট গ্যাস। মেঘনা ও তিতাস গ্যাসক্ষেত্রের দুটি কূপ সংস্কার করে এই গ্যাস পাওয়া যাচ্ছে। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স এই সংস্কারের কাজ করছে। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ খবর জানা গেছে।সূত্র জানায়, মেঘনা গ্যাসক্ষেত্রের এক নম্বর কূপ সংস্কারের কাজ শেষ হয়েছে। সেখান থেকে আগামীকাল রোববার কিংবা আগামী সোমবার থেকে দুই কোটি ঘনফুট গ্যাস তোলা যাবে। আর তিতাস গ্যাসক্ষেত্রের ১২ নম্বর কূপ সংস্কারের কাজও দু-এক দিনের মধ্যে শেষ হবে। ওই কূপটি থেকে তিন কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে সরকারি সূত্রগুলোর আশা।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রীয় তেল, গ্যাস ও খনিজ করপোরেশন—পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, মেঘনা এক নম্বর কূপ সংস্কারের পর যে রকম চাপ পাওয়া যাচ্ছে, তাতে সেখানকার দুটি স্তর থেকে দুই কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। মেঘনার ওই কূপটি সংস্কারের জন্য ব্যবহূত রিগটি চলে যাবে সেমুতাং গ্যাসক্ষেত্রে। সেখানেও কূপ সংস্কারের কাজ হবে।পেট্রোবাংলার চেয়ারম্যান আরও জানান, তিতাস গ্যাসক্ষেত্রের ১২ নম্বর কূপ সংস্কারের কাজও দু-একদিনের মধ্যে শেষ হবে। ওই কূপের চাপ ও অন্যান্য বিষয় হিসাব করে সেখান থেকেও তিন কোটি ঘনফুট গ্যাস পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিতই বলা যায়। এখন থেকে গ্যাসের উৎপাদন ক্রমাগতভাবেই বাড়তে থাকবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ২০১২ সালের মধ্যেই দেশ থেকে গ্যাস-সংকট দূর হবে।সরকারি-বেসরকারি হিসাবে বর্তমানে দেশে গ্যাসের চাহিদা দৈনিক প্রায় ২৫০ কোটি ঘনফুট। কিন্তু উৎপাদন হচ্ছে ২০০ কোটি ঘনফুটের মতো। এই ঘাটতি মোকাবেলা করে প্রতিবছরের বর্ধিত চাহিদা পূরণের জন্য সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। কূপ সংস্কারের কাজগুলো স্বল্পমেয়াদের মধ্যেও জরুরি কার্যক্রমের আওতায় বাস্তবায়ন করছে বাপেক্স। গত প্রায় এক দশকে উৎপাদন বাড়াতে কার্যকর কোনো পদক্ষেপ বাস্তবায়িত না হওয়ায় গ্যাস ঘাটতির কারণে বিদ্যুৎ ও শিল্প উৎপাদনসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে।