ঈদের আগেই পোশাকশ্রমিকদের বেতন দিন: সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, গরু নিয়ে হাটে যাওয়ার সময় কোনো রকমের বাধা সৃষ্টি করা ঠিক নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যদি এটা করেন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের আগেই শ্রমিকদের বেতন দেওয়ার জন্য পোশাকশিল্প মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক আন্ত মন্ত্রণালয় সভা শেষে আজ মঙ্গলবার তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের যাতে কোনো রকমের দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।সাম্প্রতিক সময়ে জাল টাকা ব্যবসায়ীরা যাতে তত্পর না থাকতে পারে, সে জন্য পশুর হাটে জাল টাকা শনাক্ত করার যন্ত্র এবং সিসি ক্যামেরা ব্যবহার করতে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চামড়াশিল্প ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।