ঈদের আগের দিন হাটে পশুর সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগের দিন রাজধানীর তিন হাটে (আগারগাঁও, তালতলা, গাবতলী) গিয়েও গরু পাননি মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার অহিদুর রহমান। এরপর চাঁদ রাতে ছোটেন আশুলিয়ায়। কিন্তু সেখান থেকেও মলিন মুখে বাসায় ফেরেন শূন্য হাতে। ৪২ বছরে এই প্রথম ঈদের দিন কোরবানি দেওয়া হয়নি তাঁর।অহিদুর রহমানের মতো অনেক রাজধানীবাসী এবার ঈদের দিন পশু কোরবানি দিতে পারেননি। তবে ঈদের পরদিন অহিদুর রহমানের মতো অনেকেই গাবতলীর হাটে গিয়ে গরু কিনতে পেরেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর কোরবানির হাটে এবার পশুর সংকট ছিল, দামও ছিল নাগালের বাইরে। গরুর আশা ছেড়ে দিয়ে অগত্যা ছাগল খুঁজেছেন অনেকে, তাও জোটেনি সবার ভাগ্যে। শেষ মুহূর্তে যাঁরা পশু পেয়েছেন, তাঁদের গুনতে হয়েছে চড়া মূল্য।ক্রেতারা বলেছেন, শনিবার যে গরু ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে, রোববার দুপুরে সেটি বিক্রি হয়েছে ৬০-৬৫ হাজার টাকায়। একই ধরনের গরু বিকেলে ৭০ হাজার, সন্ধ্যায় ৭৫ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হতে দেখা যায়।হঠাৎ কেন রাজধানীর হাটগুলোতে পশুর সংকট—এ নিয়ে তিন দিন ধরে নানা কথা মানুষের মুখে মুখে। ভুক্তভোগী মানুষ ও গরুর ব্যবসায়ীদের কাছ থেকেও এ বিষয়ে কয়েক ধরনের বক্তব্য পাওয়া গেছে।বিভিন্ন সূত্র জানায়, মহাসড়কের বিভিন্ন পথে পশুবাহী ট্রাক আটকে দেওয়ায় রাজধানীতে এবার পর্যাপ্ত পশু আসতে পারেনি। এ ছাড়া উত্তরাঞ্চলের মহাসড়কে সৃষ্ট তীব্র যানজটের কারণেও পশুর ট্রাক ঢাকায় আসতে পারেনি।পশুর সংগ্রহ ছিল কম: গাবতলীর হাটের ব্যবসায়ীরা বলেন, বাজারে পশুর সংকটের মূল কারণ ছিল ব্যাপারিদের কাছে পশুর পর্যাপ্ত সংগ্রহ না থাকা। দেশের মন্দা অর্থনীতির কারণে পশু সংগ্রহে তাঁদের প্রস্তুতির অভাব ছিল। তাঁদের মতে, শেয়ারবাজারে বিপর্যয়ের কারণে লাখ লাখ বিনিয়োগকারী নিঃস্ব হয়ে পড়েছেন। কোরবানির হাটে এর বিরূপ প্রভাব পড়বে। তাই পশুর ভালো দাম পাওয়া যাবে না এবার। এ আশঙ্কায় পশু সংগ্রহে ব্যবসায়ীরা ঝুঁকি নিতে চাননি।ব্যবসায়ীদের আরেকটি সূত্র জানায়, এবার পশু বেচাকেনার ধরন ছিল অন্যবারের চেয়ে ব্যতিক্রম। রাজধানীর অধিকাংশ ক্রেতাই ঈদের আগের দিনের জন্য বসে ছিলেন। সবাই একযোগে হাটে যান এবং পশু কেনেন। ফলে অল্প সময়ে হাট পশুশূন্য হয়ে পড়ে। এ অবস্থায় ব্যাপারিরা টাকা নিয়ে আবার গরু সংগ্রহ করার জন্য যেতে পারেননি। কারণ মহাসড়কে তীব্র যানজট।আরেকটি সূত্রমতে, রাস্তাঘাটের দুরবস্থা ও স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার কারণে রাজধানীবাসীর একটি বড় অংশ এবার গ্রামের বাড়িতে যায়নি। ফলে কোরবানির পশুর চাহিদাও ছিল বেশি। ঢাকা সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, এবার রাজধানীতে প্রায় চার লাখ পশু কোরবানি হয়েছে।গাবতলী হাটের গরুর ব্যাপারি ইয়াকুব মেম্বার প্রথম আলোকে বলেন, ‘অন্যবার ঈদের এক সপ্তাহ আগ থেকে পশু বিক্রি শুরু হয়। কিন্তু এবার ঠিক ঈদের আগের দিন সব ক্রেতা একসঙ্গে বাজারে চাপ দেয়। বিক্রিও হয়ে যায় দ্রুত। কিন্তু ব্যাপারিদের কাছে গরুর সংগ্রহ না থাকায় বাজারে সংকট দেখা দেয়।’ একই কথা বলেন মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার ব্যাপারি আমজাদ হোসেনও।সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক বছর ধরে গরুর বড় ব্যাপারিরা কোরবানির ঈদে খুব একটা ব্যবসা করতে পারেননি। এ কারণে যাঁরা প্রথম দফায় কয়েক ট্রাক গরু নিয়ে এসেছেন, তাঁরা সেগুলো বিক্রি না হওয়া পর্যন্ত পরের দফা পশু আনার ঝুঁকি নিতে চাননি।পশুর সংকটের জন্য গণমাধ্যমকে দোষারোপ করেন ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের গরুর ব্যাপারি মো. বিল্লাল হোসেন। তিনি বলেন, ‘টেলিভিশন ও পত্রিকায় বলা হয়েছে, এবার হাজার হাজার গরু আসছে, দাম কম হবে। এই ভয়ে ব্যাপারিরা ভারত থেকে গরু কম সংগ্রহ করেছেন। আমরা মনে করেছি, বাংলাদেশের গরু দিয়ে চলবে।’বিল্লাল হোসেন যোগ করেন, শেয়ারবাজারের অবস্থা খারাপ—এ কারণে এবার কোরবানির গরুর ভালো দাম পাওয়া যাবে না, গত কয়েক বছর ব্যাপারিরা বাজারে কান্নাকাটি করে গেছেন, সেই ভয়ে এবার কেউ ঝুঁকি নেননি।ঈদের দিন জমজমাট হাট: ঈদের আগে পশু না পেয়ে রাজধানীর যেসব মানুষ কোরবানি দিতে পারেননি, তাঁরা ভিড় জমান গাবতলীর পশুর হাটে। ফলে ঈদের দিন সকাল, পরদিন মঙ্গলবার সারা বেলা জমজমাট ছিল রাজধানীর স্থায়ী পশুর হাট গাবতলী।গাবতলী পশুর হাটের হিসাবরক্ষক মনির হোসেন প্রথম আলোকে বলেন, ঈদের পরদিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কয়েক হাজার পশু বিক্রি হয়েছে। ঈদের পর পশুর এমন বেচাকেনা নিকট অতীতে আর হয়নি।বিক্রেতারা জানান, বাজারে ওঠা প্রায় সব গরুই সাভার, আরিচা, সিঙ্গাইর, আশুলিয়া, বলিয়াপুর, কোরানীগঞ্জ, হেমায়েতপুর ও আশপাশের এলাকার গৃহপালিত।ঈদের দিন ভোরে: এ-হাট ও-হাট ঘুরে পশু না পেয়ে অনেকে গাবতলীর হাটে গরুর অপেক্ষায় ছিলেন গভীর রাত থেকে ফজরের আগপর্যন্ত। যেসব পশুবাহী ট্রাক রাস্তায় যানজটে আটকা পড়ে সময়মতো পৌঁছাতে পারেনি, সেগুলো শেষরাতে গাবতলী পৌঁছায়। মিরপুর পীরেরবাগের পাকা মসজিদ এলাকার অধিবাসী ট্যাক্সিচালক সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ঈদের দিন ভোররাতে ঘুম থেকে উঠে গাবতলী যাই। গিয়ে দেখি, হাজার হাজার গরু। কিন্তু ক্রেতা কম, দামও তুলনামূলক কম। ৩৯ হাজার টাকায় দুটি গরু কিনে অনেকে মিলে কোরবানি দিই।’