ঈদের আনন্দ থাকুক সারা বছর: রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনা করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তিনি বলেন, সারা বছরই মানুষের মনে ঈদের এ আনন্দ থাকুক। আজ বুধবার বঙ্গভবনে বিদেশি কুটনীতিক, মন্ত্রিসভার সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে রাষ্ট্রপতি এ কথা বলেন। শুভেচ্ছা বিনিময় চলে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, ‘ঈদের এ আনন্দ সারা বছর ধরে আমাদেরকে অনুপ্রাণিত করুক। আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করব এই আমার প্রত্যাশা।’ আজ সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।