ঈদের আনন্দ সারা দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল আনন্দ-উত্সবের মধ্য দিয়ে সারা দেশে আজ বুধবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগির পর এ ধর্মীয় উত্সব সারা দেশের মানুষের কাছে নিয়ে এসেছে আনন্দের বার্তা। আজ সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাতটায় প্রথম জামাতে ইমামতি করেন ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, মন্ত্রিসভার সদস্যসহ সর্বস্তরের জনগণ ঈদের জামাতে শরিক হয়ে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ মসজিদে, রাজশাহীতে শাহ মখদুম দরগাহ ঈদগাহ ময়দানে, রংপুরে কালেক্টরেট মাঠে, খুলনায় সার্কিট হাউজ মাঠে প্রধান জামাত হয়।ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে এবার মহানগরীর ৯০টি ওয়ার্ডে ৩৬০টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ৩৬১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরের শহর ও জেলাগুলোর ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলাদা বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ঈদ অর্থ আনন্দ, খুশি। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মানবজাতির জন্য বয়ে আনে এক অনাবিল আনন্দ ও খুশির বারতা।প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে আমি সবার প্রতি আহ্বান জানাই। তিনি বাংলাদেশ ও মুসলিম সম্প্রদায়ের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন। বিরোধীদলীয় নেতা তাঁর বাণীতে বলেন, ঈদুল ফিতরের উত্সব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সব সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।" সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক লেখা ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি চ্যানেলগুলো কয়েক দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন ও আশ্রয়কেন্দ্রগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকিটে সিটি করপোরেশনের আওতাধীন সব শিশু পার্কে প্রবেশ, বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।