ঈদের কেনাকাটায় রাত-দিন সমান
ঘড়ির কাটা তখন রাত ১০টার কোটায়। সিলেট নগরের জিন্দাবাজারে প্রচন্ড যানজট। প্রায় ঘন্টাখানেক ধরে এ যানজট লেগে আছে। রিকশার মধ্যে অনেকক্ষণ বসে থাকার পর রাহীন আহমদ তাঁর স্ত্রীকে নিয়ে রিকসা থেকে নেমে চললেন। হাতে বাচ্চা-আত্মীয়স্বজনদের জন্য ঈদের সদ্যকেনা নতুন কাপড়চোপড়ের মোড়ক। গত ২১ আগস্ট সন্ধ্যার পর নগরের আরামবাগের এ দম্পত্তি এসেছিলেন ঈদের কেনাকাটা করতে। সন্ধ্যা থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন দোকান ঘুরে তন্ন তন্ন করে পরিবারের সকলের জন্য কেনাকাটা সারেন। এবারের সিলেটের ঈদের বাজার কেমন? প্রশ্ন শুনে রাহীন আহমদ বলেন, ‘অন্য বারের চেয়ে এবার সিলেটে ঈদ নিয়ে বিক্রেতার আগ্রহটাই বেশি মনে হচ্ছে। তাঁরা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে নানা রকমের চেষ্টায় আছেন। কোনো কোনো দোকানিরা তাদের দোকানে ক্রয়কৃত মূল্যের ওপর ঈদের বিশেষ ছাড়ও দিচ্ছেন। আবার কেউ কেউ ঈদকুপন। ঈদ শেষে এই কুপন নিয়ে ড্র হবে যেখানে ভালো ভালো পুরষ্কারেরও ব্যবস্থা রয়েছে। তবে এসব দোকানগুলোতে গতবারের চেয়ে এবার দামের তারতম্য রয়েছে।’ রাহীন আহমদের মতো অনেক ক্রেতা এবারের ঈদ বাজারে কাপড়চোপড়ের দাম বাড়ার বিষয়টি সর্ম্পকে এ প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করে নানা কথা বলেন। ক্রেতাদের এ ক্ষোভ সর্ম্পকে জিন্দাবাজারের একটি বুটিক ও ফ্যাশন হাউসের সত্তাধিকারী মুহিম মিয়া বলেন, ‘দেশের সামপ্রতিক পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব যাচ্ছে। এ অবস্থায় ব্যবসায়ীদের কাছে ঈদ একটা উপলক্ষ হয়ে হাজির হয়েছে। আর এই উপলক্ষকে কেন্দ্র করেই ব্যবসায়ীরা দাম কিছুটা বাড়িয়েছেন।’ রাত সোয়া ১১টার দিকে নগরের সর্ববৃহৎ কম্পিউটারের মার্কেট জিন্দাবাজারের ‘প্যানেট আরাফ’ মার্কেটের সামনে প্রচুর সংখ্যক তরুণের ভিড়। এখানে অবস্থানরত তরুণদের অনেকের কানে এয়ারফোন, হাতে এমপিথ্রি। তরুণদের সঙ্গে আলাপকালে জানা যায়, এবারের ঈদে তাদের বন্ধু-বান্ধবের অনেকেই কম্পিউটারের ছোটখাট যন্ত্রপাতি, এমপিথ্রি, বাজারে আসা নতুন সেলফোন, পেনড্রাইভসহ অনেক ইলেকট্রনিক্স যন্ত্রপাতি কিনবেন। তাই তারা কম্পিউটার ও ইলেকটনিক্স বাজারগুলো ঘুরে ঘুরে দেখছেন। সিলেট এমসি কলেজের শিক্ষার্থী আখতারুজ্জামান বলেন, ‘এখন ঈদ মানেই ইলেকট্রনিক্স সামগ্রী! আগের মত কাপড়-চোপড় কেনার দিন শেষ হয়েছে গেছে। এটা ডিজিটাল যুগ! তাই ঈদের মার্কেটিংয়ে এ ধরনের জিনিসপত্র ক্রয় করতেই আমাদের আগ্রহ বেশি।’ রাত সাড়ে ১২টায় নগরের বন্দরবাজারে দেখা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান ও আমেনা বেগমের সঙ্গে। এত রাত পর্যন্ত কী কী কেনাকাটা করছেন? উত্তরে আমেনা বেগম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব বান্ধবীরা মিলে কেনাকাটা করতে এসেছি। কিন্তু এবার যা দাম তা শুনেতো চক্ষু চড়ক গাছ! রাত নয়টা থেকে এখন পর্যন্ত ঘুরে কয়েকটি নেইলপালিশ, মাটির গয়না ও থ্রি পিস ছাড়া কিছুই কেনা হয়নি।’ একই জায়গায় কথা হয় নাজনিন আক্তার নামের এক গৃহিনীর সঙ্গে। তিনি নগরের সুবিবাজার এলাকার বাসিন্দা। তাঁর অভিমত, গতবারের চেয়ে এবার দাম কিছুটা বেশি। কোনো ধরনের নজরদারি না থাকায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে ক্রেতাদের জিম্মি করছেন বলে নাজনিন অনেকটা ক্ষোভের সঙ্গে অভিযোগ করেছেন।নগরের ব্যস্ততম বন্দরবাজারের ব্যবসায়ী মখলিছ, আহমদসহ অনেকেই জানান, ঈদ উপলক্ষে লন্ডন প্রবাসীরা ইতিমধ্যে বাড়িতে আসা শুরু করেছেন। তাই কয়েকদিনের মধ্যে পুরোপুরি ঈদের বাজার জমে ওঠবে বলে তাঁদের আশাবাদ। ঈদের বাজারে দেশি পণ্যের বিক্রি অন্যান্যবারের চেয়ে বেশি। নিত্য উপহার, দাঁড়কাক, স্বপ্নবাজ, তারা মার্কা, বাঙাল, পঙতিসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসগুলোর টি-শার্ট, ফতুয়ার চাহিদা তরুণদের মধ্যে বেশি বলে জানালেন একটি ফ্যাশন হাউস সেন্টারের বিক্রেতা তানজীর মাহবুব। নগরের অভিজাত বিপণিবিতান আল-হামরা শপিং সিটি, মানরু, মিলেনিয়াম, বু-ওয়াটার, সিটি সেন্টার, সিলেট পাজা ইত্যাদি মার্কেটে গভীর রাতেও চলছে কেনাকাটা। বিপণিবিতানগুলোকে কেন্দ্র করে নগরের জিন্দাবাজার এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকে তীব্র যানজট। ক্রেতাদের পদচারণাও অনান্য বছরের তুলনায় বেশি। পাশাপাশি পোষাক-আষাকের দোকান নিত্য নতুন আমেজে নগরের বিভিন্ন সড়ক ও এলাকায় ছাড়িয়ে পড়ায় শেষ দিকে নগরজুড়ে কেনাকাটার ধূম লক্ষ্যণীয় হয়ে পড়ে। ফুটপাতও সেজেছে বর্ণিল সাজে। তবে এখানে দিনেরবেলা জমে ওঠে কেনাকাটা। সাধ আর সাধ্যেও অমিলের দেখা মেলে সেখানকার কেনাকাটায়। কম আয়ের লোকজন ভিড় করছেন ফুটপাতের ভ্রাম্যমান দোকানগুলোতে। ভ্যানচালক রহমত তাঁর কেনাকাটা সম্পর্কে একটা মতামতও দিলেন। তাঁর বলা কথা এমন— গরিবের আবার ঈদ কী! তারপরও সাধ আছে। দামদরে সাধ্য আর থাকে না। গতবারের চেয়ে এবার কাপড়ের দাম বেশি বলে কেনাকাটায় ব্যস্ত থাকা মানুষেরা জানান।সিলেট নগরে দিনের চেয়ে রাতে ঈদের কেনাকাটা বেশি এবং ঈদের বাজার জমে ওঠা প্রসঙ্গে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী জানান, মানুষের অভ্যাস বা রুচি থেকে এ রীতির প্রচালন। গত কয়েক বছর ধরে লক্ষ্য করা গেছে নগরের বাসিন্দারা দিনের বেলায় বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনাকাটা করেন না। এ সময়টা শুধু নগরের বাইরের মানুষের। আর নগরবাসী বিকেলে থেকে রাতে বেশি কেনাকাটা করেন। তাই সিলেটে ঈদেও কেনাকাটায় দিন আর রাত সমানই বলা চলে।