ঈদের খুশি কখন, কোথায়
বাংলাদেশে ২০ আগস্ট সোমবার পালিত হবে ঈদুল ফিতর। কিন্তু অধিকাংশ মুসলিম দেশেই আজ রবিবার সৌদি আরবের সঙ্গে মিলিয়ে পালিত হয়েছে এক মাসের সিয়াম সাধনা শেষে খুশির ঈদ।১৭ আগস্ট শুক্রবার ইসলামি ক্যালেন্ডারের দশম মাসের শাওয়ালের চাঁদ দেখতে না পাওয়ায় সৌদি কর্তৃপক্ষ ১৮ তারিখ রোজা রেখে ১৯ তারিখ ঈদ পালনের সিদ্ধান্ত ঘোষণা করে। সৌদি আরবের সঙ্গে মিলিয়ে আজ রোববার ঈদ পালন করেছে মিসর, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন। একই সঙ্গে জর্ডান, ইয়েমেন, সুদান, লিবিয়া, তিউনিশিয়া, ওমান ও ফিলিস্তিনেও ঈদুল ফিতর পালিত হয়েছে। লেবাননের সুন্নি মুসলমানেরাও আজ ঈদের নামাজ পড়েছেন। ঈদ উদযাপিত হয়েছে রাশিয়া ও আফগানিস্তানেও।ইউরোপের সংখ্যালঘু মুসলিম দেশগুলোতেও আজ পালিত ইচ্ছে ঈদুল ফিতর। ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার ঘোষণা অনুসারে, উত্তর আমেরিকার অধিকাংশ দেশেও আজ রবিবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। রবিবার ঈদ পালন করছেন তুরস্ক, কসোভো, মেসিডোনিয়া, রোমানিয়া, বসনিয়া, সাইবেরিয়া, বুলগেরিয়া, মন্ট্রিনেগ্রো, আলবেনিয়া ও স্লোভেনিয়ার অধিবাসীরাও।এশিয়ায় চীনের কয়েকটি প্রদেশেও আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে। চীন ছাড়াও আজ শ্রীলঙ্কা, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও ঈদুল ফিতরের অনুষ্ঠান পালিত হচ্ছে। তবে গত শনিবার ঈদের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ঈদ পালিত হবে কাল সোমবার। অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের সাতটি জেলার ১২৫টি গ্রামে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে।