ঈদের গপ্পো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে তারকাদের নানা রকম স্মৃতি রয়েছে। কেউ গরুর হাটে যান, আবার কেউ যান না। সেসব নিয়েই এবারের প্রতিবেদন। দুই জায়গায় ঈদ: মমতাজঈদের সময় আমার সন্তানেরা আগ্রহ নিয়ে অপেক্ষা করে, তাদের মাকে কোন চ্যানেলে দেখা যাবে? এটা নিয়ে ওরা আলোচনায় থাকে মশগুল। ঈদটা আগে করতাম একভাবে, এখন শিল্পী তো আছিই, এর সঙ্গে সাংসদ হওয়ার কারণে এলাকার মানুষকেও সময় দিতে হয়। গতবার যে কারণে আমার ঈদ কেটেছে দুই জায়গায়। ঢাকায় যেমন কেটেছে, আবার নিজের গ্রামেও যেতে হয়েছে। এবারও সে রকমই হবে। আর টিভি চ্যানেলে গিয়ে গানের অনুষ্ঠান তো আছেই।কালো রঙের গরু: রিয়াজঈদে রশি ছিঁড়ে গরু পালায়—এ গল্প সবারই জানা। কিন্তু আমি একবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হলাম। গাবতলী গিয়েছিলাম গরু কিনতে। কালো রঙের একটি গরু দেখে বেশ পছন্দ হলো। দামদর করে কিনে ফেললাম। ফোন করে মাকে জানিয়ে দিলাম, গরু কেনা হয়ে গেছে। হাট থেকে গরু নিয়ে মাত্র রাস্তায় উঠেছি, আর তখনি গরু দড়ি ছিঁড়ে দৌড় দিল। সে কী দৌড়! গরুর পেছনে পেছনে আমি পড়িমরি করে ছুটতে শুরু করলাম। একসময় খেয়াল হলো, রাস্তার লোকজন সব অবাক হয়ে আমাকে দেখছে। যা হোক, অনেক কষ্টে দড়ি ছিঁড়ে ভোঁ দেওয়া গরুকে পাকড়াও করে বাড়িতে ফিরলাম।হেঁটে হেঁটে গরু আনার আনন্দই অন্য রকম: জাহিদ হাসানএকটা সময় ছিল ঈদ এলেই খুশিতে আত্মহারা হয়ে যেতাম, সেটা যে ঈদই হোক না কেন। রোজা বা কোরবানি কোনো বাছবিচার ছিল না। তবে কোরবানির ঈদের বাড়তি আনন্দ ছিল গরু কেনায়। উন্মুখ হয়ে থাকতাম, কবে কোরবানির ঈদ আসবে, বাবা আর বড় ভাইয়ের পিছু পিছু কখন কোরবানির পশুর হাটে যাব। ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে গরু কেনার আনন্দই অন্য রকম। হাটজুড়ে হইচই, চিৎকার। অনেক দেখেশুনে ক্লান্তশ্রান্ত হয়ে গরু কিনে এরপর গরুর দড়ি ধরে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা। সারাক্ষণ আতঙ্ক, এই বুঝি দড়ি ছিঁড়ে দৌড় দিল গরুটা। কিংবা এই বুঝি খেপে গিয়ে কাউকে গুঁতা মেরে দিল। এসব কষ্ট ভুলে যেতাম, যখন বাড়ি ফিরে দেখতাম প্রতিবেশীদের চেয়ে আমাদের কেনা গরুটাই ভালো হয়েছে। এখন সময় বদলে গেছে অনেক। এখন ঈদের আগে জমানো ক্লান্তি দূর করতেই কেটে যায় ঈদের ছুটির পুরোটা। এখন কোরবানির হাটে নিয়মিত যাওয়াও হয় না। প্রতিবারের মতো এবারও কোরবানির ঈদ আমি সিরাজগঞ্জে করব, পরিবারের সবার সঙ্গে। আমার ছেলে পূর্ণ আর মেয়ে পুষ্পিতাকে নিয়ে সিরাজগঞ্জের কান্দাপাড়ার হাটে যাওয়ার ইচ্ছা আছে। ওরাও বুঝতে পারবে কোরবানির গরুর হাট কী মজার।খুব বেশি কিছু বুঝি না: মোশাররফ করিমগরুর হাটে যাওয়ার আনন্দই অন্য রকম। আমি আসলে গরু কেনার চেয়ে যাই ওখানকার অবস্থাটা দেখতে। হাটে গিয়ে এমন ভাব করি যে আমি গরু কেনায় বেশ অভিজ্ঞ। আসলে তো বুঝি লবডঙ্কা। ঘুরতে ঘুরতে দেখি, চারপাশে লোকজন গরু কেনার আগে গরুর দাঁত দেখে। এটা বোঝার পর আমিও গরু কেনার আগে গরুর দাঁত দেখি, তারপর এমন ভাবখানা যে দাঁত দেখেই গরুর অনেক কিছুই বুঝে ফেলেছি। মূলত এ মজার টানেই এখনো নিজে গরু কিনতে যাই।গরু কিনতে গিয়ে গরু খেলাম: অনন্তপ্রায় বছর পাঁচেক আগের কথা। কোরবানির ঈদের সময় গিয়েছি গাবতলী গরুর হাটে। দেখি, এক গরুর সঙ্গে চার-পাঁচজন করে লোক। প্রথমে তো কিছুই বুঝতে পারছি না। দেখা গেল, একটি গরুর দাম জানতে চেয়েছি, একজন বলল, ৮০ হাজার টাকা। তখনই অন্য একজন বলল, ‘ভাই, আমি ৭৮ হাজারে দিতে পারব।’ গরুর দড়ি যার হাতে, সে তখনি মাথা নেড়ে বলে ওঠে, ‘না, না। এক টাকাও কম হবে না।’ পরে বুঝেছি, আসলে এরা সবাই দালাল। এই দালালেরাই গরুর দাম তোলে এভাবে। এটা জেনে খুব বিরক্ত হয়েছিলাম। যা হোক, গরু কেনায় আমার সঙ্গী ছিল এক বন্ধু। সে জানাল, এর আগে একবার গরু কিনতে এসে এখানকার হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছিল তারা। দারুণ স্বাদ। মাংসের সেই স্বাদ এখনো তার মুখে লেগে আছে। হাটে ঘুরে ঘুরে তার খিদে লেগে গেছে, কাজেই ওই হোটেলে গিয়ে আগে সে উদরপূর্তি করতে চায়। আমি বন্ধুর কথায় অমত করলাম না। হোটেলে ঢুকলাম। আসলে ক্ষুধাপেটে হোটেলের ওই সাধারণ রান্নাও অমৃতের মতো লাগল। যা হোক, পেটপুরে খেয়ে আবার নেমে পড়লাম গরু কেনায়। খুব দেখেশুনে গরু কেনা হলো। এখনো গরু কিনতে গেলে গরু কেনার আগেই হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খাব, তারপর গরু কিনব। তবে জানি, ব্যস্ততার জন্য হয়তো শেষ পর্যন্ত হাটেই যাওয়া হবে না।নেত্রকোনায় ঈদ করব: ন্যান্সিঈদ মানেই তো টিভি পর্দা বা এফএম গানগুলোতে গান গাওয়া। তবে এবারের কোরবানির ঈদের দিনটায় আমি নেত্রকোনায় মায়ের সঙ্গে থাকব। সঙ্গে থাকবে আমার আরেক মা। ও আমার মেয়ে, রোদেলা। ইচ্ছা আছে ঈদের দিনটাতে কোনো কাজ না করে বাসায় বসে আত্মীয়স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করব। গতবার যেমন কোরবানির ঈদে ঢাকায় ছিলাম। কিন্তু সেবার আসলে মনে হয়েছে ঢাকা যেন কেমন প্রাণহীন। এবার আমি অন্তত প্রাণের ছোঁয়া পেতেই গ্রামে যাব। আর এখন গ্রামে ভোরের দিকে এক-একটু ঠান্ডা পড়েছে। সকালবেলা ঘাসের ওপর শিশির জমে। অসম্ভব এক আনন্দ উপভোগ করব প্রকৃতির সঙ্গে। সঙ্গে ঈদের আনন্দ তো আছেই। সে অপেক্ষাতেই আছি।