ঈদের গানে একসঙ্গে তাঁরা
ঈদকে সামনে রেখে তৈরি করা হয়েছে একটি বিশেষ গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন, দূরবীন ব্যান্ডের শহীদ, সেরাকণ্ঠ খ্যাত ঝিলিক ও কোনাল। ‘ঈদের শুভেচ্ছা নাও’ শিরোনামের এ গানটি ‘ঈদের বাজনা বাজেরে’ ম্যাগাজিন অনুষ্ঠানে দেখানো হবে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুমন কল্যাণ বলেন, ‘ঈদ নিয়ে আমাদের দেশে গান নেই বললেই চলে। সেই ভাবনা থেকেই খন্দকার ইসলামই গানটি করার উদ্যোগ নিয়েছেন। গানটির কথা, সুর ও সংগীতে ঈদের আবহ ফুটিয়ে তোলা হয়েছে।’ ঈদের চতুর্থ দিন রাতে এটিএন বাংলায় দেখানো হবে ম্যাগাজিন অনুষ্ঠান ঈদের বাজনা বাজেরে। অনুষ্ঠানটির উপস্থাপনা ও পরিচালনা করেছেন খন্দকার ইসমাইল।জানা গেছে, ঈদের বাজনা বাজেরে অনুষ্ঠানে একটি দ্বৈত গান গাইবেন ব্যান্ড শিল্পী বিপ্লব ও তিশমা। এ ছাড়া এতে থাকছে গান, নাচ, কৌতুক, গেমস শো, সমসাময়িক স্কিড ও কানাডার বিখ্যাত নায়াগ্রা ফলসের ওপর বিশেষ প্রতিবেদনসহ নানা আয়োজন।