ঈদের ছবি চূড়ান্ত করতে পারছেন না প্রযোজকেরা, প্রেক্ষাগৃহ কম
ঈদের ছবি নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। ঈদের আর বেশি দিন বাকি নেই। কিন্তু এখন পর্যন্ত প্রেক্ষাগৃহের মালিকেরা জানেন না যে শেষ পর্যন্ত কোন কোন ছবি ঈদে মুক্তি পাবে। বিশেষ করে, ঈদের ছবি মুক্তি দেওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয় বস্ নাম্বার ওয়ান ছবিটি নিয়ে। প্রযোজক পরিবেশক সমিতি থেকে এ ছবির মুক্তির অনুমোদন নিয়ে যেমন জটিলতা আছে, তেমনি ছবিটির সেন্সর ছাড়পত্র পাওয়া নিয়েও কেউ কিছু বলতে পারেননি। অন্যদিকে ছোট সংসার, প্রজাপতি, আদরের জামাই, প্রিয়া আমার জান, কিং খান—এই ছবিগুলোর মুক্তির সম্ভাবনা চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত এর মধ্য থেকে কোনো কোনো ছবি পিছিয়ে যাবে কি না, সেটি নিয়েও চলছে নানা আলোচনা। অন্যদিকে আমার চ্যালেঞ্জ ছবিটিও ঈদে আসবে বলে জানিয়েছেন পরিচালক বদিউল আলম খোকন। এর বাইরে এক টাকার দেনমোহর ছবির নামও শোনা যাচ্ছে।তবে বুকিং এজেন্টরা বলছেন অন্য কথা। আগের মতো এখন আর ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলো ঈদে বড় ছবি না নিয়ে অল্পকাল আগে মুক্তি পাওয়া ছবিগুলো প্রদর্শন করে। ফলে আগে যেখানে ৩০০ থেকে ৩৫০টি প্রেক্ষাগৃহ ঈদে ছবি প্রদর্শন করত, এখন সেখানে ঈদের ছবি প্রদর্শন করার মতো ২০০ প্রেক্ষাগৃহ খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ জন্য ঈদে প্রেক্ষাগৃহের অভাবে অনেক ছবি মুক্তি পাবে না বলে জানা গেছে। কেন ঈদের ছবি চূড়ান্ত হচ্ছে না, এ নিয়েও প্রেক্ষাগৃহের মালিকেরা ক্ষোভ প্রকাশ করছেন।ছবি চূড়ান্ত না হওয়ায় প্রযোজকেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন বুকিং এজেন্টরা। এনামুল হক বললেন, ছবি চূড়ান্ত হলে প্রেক্ষাগৃহের মালিকেরা নিশ্চিত হয়েই ছবি নিতে পারতেন। চূড়ান্ত না হলে কোনো প্রযোজকই নিশ্চিত হয়ে ছবি প্রদর্শনের জন্য প্রেক্ষাগৃহের মালিকের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করতে পারবেন না। অনেক আগেই ছোট সংসার, প্রজাপতি ছবি দুটি সেন্সর ছাড়পত্র নিয়ে ঈদে আসার ঘোষণা দেওয়ার পরও প্রজাপতি ছবির প্রিন্ট খুব বেশি হচ্ছে না বলে জানা গেছে। শেষ পর্যন্ত ঈদে কোন ছবি মুক্তি পাবে আর কোনটি পাবে না, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।