ঈদের ছবি নিয়ে চলচ্চিত্রশিল্পে অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ছবি মুক্তি দিতে প্রযোজকদের কোনো ধরাবাধা নিয়ম নেই। প্রযোজক ইচ্ছা করলেই সেন্সর বোর্ড থকে ছাড়পত্র পাওয়ার পর ছবি মুক্তি দিতে পারেন। এভাবেই গত কয়েকটি ঈদে ছবি মুক্তি দেওয়া হচ্ছে। তবে এবার ছবি মুক্তি দেওয়া নিয়ে প্রযোজকদের মধ্যে অস্থিরতা লক্ষ করা যাচ্ছে। ছবি সেন্সর ছাড়পত্র পাওয়ার আগেই তাঁরা মুক্তির ঘোষণা দিচ্ছেন। আর এ কারণে বস নাম্বার ওয়ান ছবির প্রযোজককে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পরিবেশনা কমিটি থেকে কারণ দর্শানো চিঠি দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, এবার ঈদুল আজহায় শাকিবের দুটি ছবি মুক্তির অনুমতি না দেওয়ার ব্যাপারে জোর চেষ্টা চালাচ্ছেন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কয়েকজন নেতা। এ নিয়ে প্রযোজকদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। শাকিব খান তাঁর সমর্থক প্রযোজকদের নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি জানিয়েছেন। এদিকে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নেতাদের একটি অংশ ছবি মুক্তির ক্ষেত্রে কিছু নতুন নিয়ম-নীতি তৈরির চেষ্টা করছেন। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান মানিক বলেন, ‘সমিতি যদি ঈদের ছবির ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আনে—তা সবাইকে মানতে হবে। আর শাকিবের ওপর রাগ করে কেউ তাঁর ভালো ছবি মুক্তির ক্ষেত্রে বাধা দিচ্ছে, এ কথা ঠিক নয়।’ এদিকে জানা গেছে, কোরবানির ঈদে শাকিব খানের মোট চারটি ছবি মুক্তির জন্য প্রস্তুত। অন্যদিকে ডিপজলের ছোট সংসার এবং জাহিদ হাসান, মোশাররফ করিম ও মৌসুমী অভিনীত প্রজাপতি মুক্তির জন্য প্রস্তুতি নিয়েছে। তবে প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদে তাঁরা কোন ছবি নিজেদের প্রেক্ষাগৃহে প্রদর্শন করবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আরও সপ্তাহ খানেক পর।